অনুশীলন শুরু মুশফিকদের

ভারত থেকে ফেরার পর ১০ দিনের বিরতি শেষে কাল আবার অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দল। সকালে তিন ঘণ্টা জিমেই কেটেছে খেলোয়াড়দের। তবে জিম শেষে বিসিবি একাডেমি মাঠে রানিং করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনের রানিং নিয়ে বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ বললেন, ‘কাল (পরশু) তারা জিম করেছে। আজ (কাল) তাদের রানিং করা সে কারণেই।’
বেলা দুইটা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেট ও বিসিবি একাডেমি মাঠে দুই ভাগে অনুশীলন করেছেন খেলোয়াড়েরা। ইনডোরের বাইরের নেটে পেসারদের নিয়ে একটু ভিন্নভাবেই কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শুভাশিস রায়কে ধরিয়ে দেওয়া হয় একটি করে কাগজ। সেই কাগজে একে অন্যের বোলিংয়ের মূল্যায়ন করেছেন চার পেসার। পেসার কামরুল ইসলামকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি শুধু ব্যাটিং করেছেন কাল। একই সময়ে বিসিবি একাডেমি মাঠে শুধু ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা।
আজও একই রুটিনে অনুশীলন করবে বাংলাদেশ। মুশফিকরা শ্রীলঙ্কায় রওনা দেবেন পরশু।