অনুশীলনে টি-টোয়েন্টির মেজাজ
জিম্বাবুয়ে সিরিজের তিনটি ওয়ানডে পার হলেই টি-টোয়েন্টির সমুদ্রে পড়ে যাবে বাংলাদেশ দল। ২২ নভেম্বর শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিপিএল, ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠের এশিয়া কাপটাও এবার ২০ ওভারের ম্যাচের, এরপর মার্চ-এপ্রিলে তো ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলতে হবে!
হাতে থাকা সব মার তাই এখন ব্যাটে নিয়ে আসার সময়। টি-টোয়েন্টির উত্তুঙ্গ উত্তেজনায় সাফল্য পেতে চাই মারকাটারি সব শট। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনে সেসবে আরও অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টাটা সুস্পষ্ট। গত দুই দিন তো ঘোষণা দিয়েই টি-টোয়েন্টির অনুশীলন করালেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরশু মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলনের শুরুতে এক-দুই রান নিয়ে খেলতে বলা হয় ব্যাটসম্যানদের। এরপর একটা পর্যায়ে আসে শট খেলার নির্দেশনা। আর কালকের অনুশীলনটা ব্যাটসম্যানদের জন্য ছিল শুধুই চার-ছক্কা মারার। অন্যদিকে বোলারদের বলা হয়েছে যত বেশি সম্ভব ডট বল করার চেষ্টা করতে। আজ বিরতি। কাল থেকে প্রস্তুতি চলবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ মাথায় রেখে।
টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাটসম্যানদের কাছে যথেচ্ছ শট খেলার অনন্ত চাহিদা নিয়ে হাজির হয়। নাসির হোসেন নিজে থেকেই সেই চাহিদা মেটানোর জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে। স্কোরিং শট বাড়ানোর চেষ্টার কথা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই বলেছিলেন। কাল অনুশীলন শেষে আবারও বললেন, ‘চেষ্টা করছি স্কোরিং শট আরও বাড়াতে। বলে বলে রান করতে, দ্রুত রান তুলতে। অল্প বলে বেশি রান করার অনুশীলন করছি।’ যেসব শট এত দিন একদমই খেলতেন না, নাসিরের অনুশীলনে সেসবই গুরুত্ব পাচ্ছে বেশি, ‘আমি তো সুইপ শট তেমন একটা খেলতাম না। এখন সুইপ, রিভার্স সুইপ দুটোই খুব প্র্যাকটিস করছি। এ ছাড়া পেস বলে স্কুপ খেলার চেষ্টা করছি।’
‘মিস্টার ফিনিশার’ নামটা ধরে রাখার জন্যও স্কোরিং শট বাড়ানো জরুরি নাসিরের। ব্যাটিং পজিশনের কারণে তো গুরুত্বপূর্ণ বটেই। ছয়-সাতের ব্যাটসম্যানদের কাছে বলের চেয়ে বেশি রানের দাবি ওয়ানডেতেই থাকে, আর সামনে তো একের পর এক টি-টোয়েন্টি!
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ না হওয়ায় আর সবার মতো নাসিরেরও আফসোস। কিন্তু যেখানে নিজেদের হাত নেই, সেখানে ভাগ্যকে মেনে নেওয়ার পক্ষে তিনি। সব ভুলে তাই দৃষ্টি মেলছেন শুধুই জিম্বাবুয়ে সিরিজের দিকে। দলের অন্যদের চিন্তায়ও নাকি সেটাই। এমনকি এই সিরিজের পর পরই যে অপেক্ষা করছে ‘অর্থকরী’ টুর্নামেন্ট বিপিএল, সেদিকেও মন নেই কারও, ‘বিপিএল নিয়ে আমাদের মধ্যে সেভাবে কথা হচ্ছে না। সবাই জিম্বাবুয়ে সিরিজের দিকে তাকিয়ে। তবে এই সিরিজে ভালো খেললে সেই আত্মবিশ্বাস বিপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই জায়গাতেই কাজে আসবে।’