অনুশীলনে স্টার্কের এমন দুর্ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার বার্তাটি দেখলে মুখে হাসি ফুটবেই, ‘...যখন স্টাম্প পাল্টা আঘাত করে!’
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক জীবনে তো কম স্টাম্প ভাঙেননি। সেই স্টার্কই কিনা কাবু হলেন অনুশীলনের জন্য রাখা যন্ত্রপাতির কাছে! পরশু সিডনিতে আঘাত পেয়ে ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারকে যেতে হয়েছে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে। পায়ে পড়েছে ৩০টি সেলাই। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অনুশীলনের যন্ত্রপাতির সঙ্গে ধাক্কা লাগে স্টার্কের। এতে তাঁর বাঁ পায়ে বেশ বড় ক্ষত হয়। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেরে ওঠার আগ পর্যন্ত আগামী দুই থেকে তিন সপ্তাহ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত (শিন) বিশেষ বন্ধনী পরতে হবে স্টার্ককে। নিজের চোটের কথাটি জানাতেই স্টার্ক টুইট করলেন ওভাবে, জানালেন স্টাম্প কীভাবে ‘প্রতিশোধ’ নিল তাঁর ওপর!
এই মাসের শেষ দিকে শুরু দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে। যাতে নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষেই সজীব স্টার্ককে পাওয়া যায়। বিশ্রাম তো মাথায় উঠেছেই, উল্টো এখন টেস্ট সিরিজের আগে তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করতে হচ্ছে। সুখবর যে কোনো হাড় ভাঙেনি স্টার্কের, টেন্ডনেরও ক্ষতি হয়নি। চিকিৎসকদের আশা, নভেম্বরেই ফিরবেন স্টার্ক। এএফপি, রয়টার্স।