অনূর্ধ্ব-১৯ দলও জিতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ‘এ’ দল এক দিনের ম্যাচের সিরিজ জিতেছে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে। বাংলাদেশ মূল দলও নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। অগ্রজদের দেখানো পথেই কি এবার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল?
সে পথে প্রথম পদক্ষেপটা কিন্তু দিয়ে ফেলেছে বাংলাদেশের তরুণেরা। কাল চট্টগ্রামে শুরু হওয়া চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ১৪৫ রান পেরিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
অধিনায়ক নেতৃত্ব দিলেন সামনে থেকেই। অফ স্পিন বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান মিরাজের (৭৩ বল, ৮ চার)। ৭ রানেই ৩ উইকেট পড়ে যাওয়ার পর ওপেনার সাইফ হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ২০.৪ ওভারে ১০১ রানের জুটি গড়েছেন তিনি। ৮০ বলে ৪ চারে ৫১ রান সাইফের। মিরাজ আউট হয়েছেন জয় থেকে ৬ রানের দূরত্বে। বাংলাদেশের ৫টি উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের অফ স্পিনার উইলিয়াম মাশিঙ্গে। ব্যাটিংয়েও ৩৮ রান করে ম্যাচ-সেরাও মাশিঙ্গে।
বোলিংয়ে বাংলাদেশের যুবাদের হয়ে সবচেয়ে বেশি ৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ (৩/১৯) ও আরিফুল ইসলাম (৩/২৩)। যুব ওয়ানডেতে কালই অভিষেক হলো আরিফের। আগামীকাল একই মাঠে দ্বিতীয় ম্যাচ।