অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জাতীয় দলে দেখতে চান নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

বয়সভিত্তিক ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সচল পাইপলাইন। জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার আসে বয়স ভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে। প্রায় প্রতিটি বয়স ভিত্তিক দল থেকেই কেউ না কেউ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করছে।

২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা এখন বাংলাদেশ দলের বড় তারকা। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন আফিফ হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ নাঈম, আমিনুল ইসলাম ও সাইফ হাসানরা। ২০১৬ সালের দল থেকে আসা মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন অন্যতম। মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকাররাও এসেছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট খেলে। বয়সভিত্তিক ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছেন ৯ অধিনায়ককে।

এবারের অনূর্ধ্ব-১৯ দলটিও হতাশ করেনি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে এই যুবারা। এদের মধ্যেই ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটার দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন।
আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে তিনি বলছিলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল, আমাদের বয়স ভিত্তিক দল কিন্তু জাতীয় দলের জন্যই তৈরি করা। আর এই প্রেক্ষিতেই খেলোয়াড়দের বাছাই করা। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল ভালো খেলছে। আমরা চাই এখান থেকে ৮-৯জন খেলোয়াড় যেন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।’

তরুণ খেলোয়াড়েরা উঠে আসলে জাতীয় দলের বেঞ্চ শক্তি বৃদ্ধি পাবে। ক্রিকেটের মানও উন্নত হবে। মিনহাজুল বলছিলেন, ‘আমি যখন ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলাম ওই বিশ্বকাপে খেলা ১৮ জনই কিন্তু জাতীয় দলে খেলে। এরকম একটা ব্যাচ যদি আমরা পাই তাহলে কিন্তু জাতীয় দলের জন্য ভালো। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়। একেকটা স্থানের জন্য যদি ২-৩জন খেলোয়াড় রাখা যায় তাহলে পুরো দৃশ্যপট পালটে যায়। বেঞ্চ শক্তি পরীক্ষা করার অনেক সুযোগ পাওয়া যায়।’

তবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অবশ্য হুট করেই জাতীয় দলে নিয়ে আসা হবে না। প্রধান নির্বাচক জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরই বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে রেখে ভবিষ্যতের জন্য তৈরি করা হবে।