অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন সাকিব
মুশফিক-রকিবুল-তামিম-মেহরাবদের সঙ্গে একসময় খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। সর্বশেষ খেলেছিলেন ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এই ২৭ বছর বয়সে এসে আবার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সাকিব আল হাসান! তবে দুদিনের জন্য।
বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের দুদিনের গা-গরমের ম্যাচ শুরু হয়েছে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব ম্যাচ অনুশীলনের জন্য এই ম্যাচে খেলছেন যুব দলটির হয়ে। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি, পেসার মোহাম্মদ শহীদের বলে আউট হয়েছেন ১১ রানে। অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়েছে ২১০ রানে। একমাত্র ফিফটি নাজমুল হোসেনের (৫৮), অধিনায়ক মেহেদি হাসান ৪৬। তিন পেসার শাহাদাত হোসেন, কামরুল ইসলাম ও শহীদের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার জোবায়ের হোসেন। ‘এ’ দল দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রানে।