অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ২৫৮। ৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ১৯২ রান। মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে তখনই মনে পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হোসেনের। ম্যাচে প্রথমবারের মতো বল হাতে নিয়ে সাইফউদ্দিন শেষ ওভার পর্যন্ত টানা বল করে জিতিয়েছেন দলকে। ৬ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি, ৪৮তম ওভারেই ৩ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম যুব ওয়ানডেটা ৮ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করল বাংলাদেশ যুবদল। সাত ম্যাচের সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এগিয়ে গেল অনতিক্রম্য ৪-১ ব্যবধানে।
টসজয়ী বাংলাদেশ যুবদলের বেঁধে দেওয়া লক্ষ্য তাড়া করে ভালোই এগিয়েছিল প্রোটিয়া যুবদল। তাদের রিভালদো মুনস্যামি (৬৩), পিটার উইলেম (৫০) ও দায়ান গালিয়েম (৬০) করেন ফিফটি। এর আগে ওপেনার পিনাক ঘোষ (৭৬) ও মেহেদী হাসান মিরাজের (৬৩) ফিফটিতে স্বাগতিক দল ৯ উইকেটে করে ২৫৭ রান। দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার জিয়াদ আব্রাহামস ৫৮ রানে নেন ৬ উইকেট। সিরিজের ষষ্ঠ ম্যাচ ২১ এপ্রিল, চট্টগ্রামেই।