অনেক কারণ মিলেই দেশের পেসারদের এ অবস্থা

>ঘরোয়া ক্রিকেটে টানা বোলিং করার সুযোগ নেই। জাতীয় দলের পেসাররা টেস্টের বোলার হয়ে উঠতে চেষ্টা করেন জিম আর অনুশীলনে।
টি-টোয়েন্টির ৪ ওভারের স্পেলে সবটুকু ঢেলে দিতে পারেন বাংলাদেশের পেসাররা। কিন্তু টেস্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্পেলে ওই গতিই কমে আসে ১২৫-এ। খালি চোখে মনে হবে সমস্যাটা শুধুই ফিটনেস বা শক্তির। আসলেই কি তাই? জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কথা, ‘অনেক কারণ মিলেই পেসারদের এ অবস্থা।’
৮ মাস ধরে টানা ক্রিকেটের মধ্যে আছেন বাংলাদেশ দলের সিংহভাগ ক্রিকেটার। এর মধ্যে আলাদা করে কাজ হয়নি ফিটনেস নিয়ে। আফগানিস্তান সিরিজ ও ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের অনুশীলনের শুরুতে সে কারণেই পাঁচ দিনের ফিটনেস ক্যাম্প আয়োজন করা হয়। কিন্তু ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা সন্তোষজনক মনে হয়নি জাতীয় দলের ট্রেনারের কাছে। বাংলাদেশে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাটা মূলত বিপ টেস্ট পদ্ধতিতেই হয়। কিন্তু তামিম ইকবাল ফিটনেস পরীক্ষা দেন ২ কিলোমিটার দৌড়ে। তামিমের হাঁটুতে সমস্যা হয় বলে বিপ টেস্ট দিতে পারেন না তিনি।
ফিটনেস টেস্টে পেসারদের কাছেই বাড়তি প্রত্যাশা মারিওর। তবে শুধু ফিটনেস পরীক্ষায় ভালো নম্বর পেলেই টেস্ট ম্যাচে এক দিনে একই গতিতে ১৫-১৬ ওভার বল করা কঠিন। মারিও বলছেন সমস্যাটা অন্য জায়গায়, ‘ঘরোয়া ক্রিকেটে খুব বেশি বল করে না বোলাররা। আপনি যদি বোলিং না করে আসেন, তাহলে যতই ফিটনেস নিয়ে কাজ করেন, খুব একটা কাজে আসবে না।’ পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার সে কারণেই বলতেন, ‘আপনার পেশিতে যদি এক দিনে ২০ ওভার করার শক্তি না থাকে, তাহলে ব্যাটসম্যানদের ভয় পাওয়াবেন কীভাবে?’
বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন বলে ৫-৬ ওভারের স্পেল করেন পেসাররা। সিংহভাগ উইকেট স্পিনসহায়ক থাকে বলে এরপর দাপটটা দেখান স্পিনাররা। পেসারদের জায়গা হয় সীমানাদড়ির কাছ। ৮০ ওভারের পর নতুন বল এলে আবার দিনের শেষে বল হাতে পান পেসাররা। পুরোনো বলে রিভার্স সুইং করানো বা ব্যাটসম্যানকে আউট করার জন্য লম্বা স্পেলে বল করার অভিজ্ঞতাটাও তা–ই হয় না। জাতীয় দলের জন্য এই পেসারদেরই আবার এক দিনে ২০ ওভার বল করার জন্য তৈরি করতে হচ্ছে মারিওকে, ‘আমরা ফিটনেস নিয়ে কাজ করেই সব জায়গায় যাই। তারপরও বিদেশে দুই টেস্টের সিরিজ খেলতে গিয়েও আমরা ধুঁকতে থাকি।’ ঘুরেফিরে একই ক্রিকেটারদের তিন সংস্করণের ক্রিকেটে খেলাটাও অনেক সময় সমস্যা সৃষ্টি করে। চোটের শঙ্কা তৈরি হয় তাতে।
আজ থেকে ৫-৬ বছর আগেও ভারত ছিল স্পিননির্ভর দেশ। বিদেশের মাটিতে টেস্ট জয়ের মতো পেসার ছিল না বললেই চলে। এরপর পরিকল্পনা করেই পুরো ঘরোয়া ক্রিকেটের উইকেট সবুজ ঘাসে ঢেকে দিয়েছে ভারত। যার ফল পাওয়া যাচ্ছে এখন। আইপিএলে প্রতিবছরই নতুন নতুন ফাস্ট বোলার বের হচ্ছেন, তাঁরা সুযোগ পাচ্ছেন জাতীয় দলেও। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরার মতো বোলাররা দিনের শেষ বেলায় এসেও ১৪০ কিলোমিটারে বল করে যান।
বাংলাদেশে পেসারদের সেভাবে তৈরি হওয়ার সেই সুযোগটাই নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘক্ষণ বোলিংয়ের অভ্যাস না থাকায় টেস্টের প্রস্তুতি নিতে হয় জিমে আর নেটে। কয়েক দিন ধরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে দেখা গেছে, ট্রেনার ও বোলিং কোচের নিবিড় পর্যবেক্ষণে টানা এক ঘণ্টা করে বল করছেন পেসাররা। যতটা সম্ভব ম্যাচের আবহ তৈরি করে পেসারদের টেস্টের জন্য প্রস্তুত করার চেষ্টা আরকি। অথচ বোলারদের পাশে থাকা কোচ–ট্রেনাররাও বোঝেন, এটি কেবলই গোঁজামিল দিয়ে সমাধান খোঁজার চেষ্টা। গলদ তো রয়ে যাচ্ছে গোড়াতেই!