অনেক ক্রিকেটারেরই নিরানন্দ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বেশির ভাগ ক্রিকেটারই জাতীয় দল বা তার আশপাশেও নেই। ক্রিকেটার হিসেবে যঁাদের পেশার একমাত্র ভিত ঘরোয়া ক্রিকেট, তঁাদের অনেকেই পুরো মৌসুম খেলেও প্রাপ্য অর্থ পাচ্ছেন না।

কলাবাগান ক্রিকেট একাডেমি আর ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ক্রিকেটাররা নিশ্চয়ই আনন্দে আছেন। ঈদের আগেই তাঁরা পেয়ে গেছেন প্রিমিয়ার লিগের ৬০ শতাংশ টাকা। তবে বকেয়া টাকাটা কাল তঁাদের হাতে তুলে দিয়ে মুখে ঈদের খুশি ছড়িয়ে দিয়েছে আসলে বিসিবি।

প্রদীপের নিচেই থাকে অন্ধকার এবং দুঃখজনক হলেও সত্য, ঢাকার ক্লাব ক্রিকেটের লেনদেনের ক্ষেত্রে অন্ধকারই বেশি। ক্লাব প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়দের সময়মতো টাকা দিয়েছে, এমন উদাহরণ কম। বেশির ভাগ সময় লিগ শেষ হওয়ার পরও টাকার জন্য ক্লাব কর্মকর্তাদের পেছন পেছন ঘুরতে হয় খেলোয়াড়দের। পারফরম্যান্স ভালো না হলে তো পরিস্থিতি আরও খারাপ! বকেয়া টাকা চাওয়াটাও যেন তখন অপরাধ।
ক্লাবের কাছে টাকা চেয়ে বিপদে পড়েছেন অনেকেই। সর্বশেষ এমন বিপদাপন্ন নাদিফ চৌধুরী, মোহাম্মদ সোহরাওয়ার্দী, ডলার মাহমুদসহ ভিক্টোরিয়ার পাঁচ খেলোয়াড়। তাঁদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ এনে বিসিবিতে নালিশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে খেলোয়াড়দের দাবি—অভিযোগটা পুরোই মিথ্যা। এটা ভিক্টোরিয়ার ক্লাব কর্মকর্তাদের পাওনা না দেওয়ার একটা ফন্দি। বেশির ভাগ খেলোয়াড়কেই নাকি তারা এখনো ৩০ শতাংশ টাকাও দেয়নি। ভিক্টোরিয়ার মতো ব্রাদার্সও প্রতিশ্রুত টাকার পুরোটা দেয়নি খেলোয়াড়দের। এত দিনে সব ক্লাবেরই ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা থাকলেও দিয়েছে মাত্র ৩০ শতাংশ। এই দুই ক্লাবের খেলোয়াড়দের ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। যে দুটি ক্লাবের বকেয়া কাল বোর্ড দিয়ে দিয়েছে তাদের প্রতি বিসিবির সতর্কতা—টাকা শোধ না করলে নেওয়া হবে কঠিন ব্যবস্থা।
এ রকম ‘কঠিন ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা অদূর ভবিষ্যতে আরও দিতে হতে পারে বিসিবিকে। সেটা ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের জন্যই। খেলোয়াড়দের বিরুদ্ধে ভিক্টোরিয়ার ম্যাচ পাতানোর অভিযোগটা খুবই গুরুতর। ম্যাচ পাতানোর আলোচনা ক্লাব ক্রিকেটে প্রায় প্রতিবারই উঠলেও খেলোয়াড়দের নাম ধরে এমন সুনির্দিষ্ট অভিযোগ এর আগে শোনা যায়নি। এবার যখন সেটা এসেই গেছে, বিসিবির উচিত এর শেষ দেখা। খেলোয়াড়েরা দোষী প্রমাণিত হলে তাঁদের শাস্তি কেউ ঠেকাতে পারবে না, জানা কথা। কিন্তু অভিযোগ মিথ্যা হলে খেলোয়াড়দের ক্যারিয়ারে কলঙ্কের দাগ লাগানোর অপরাধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত অভিযোগকারীদেরও। আর সেই মিথ্যাটা যদি তাঁরা বলে থাকেন পাওনা টাকা না দেওয়ার চক্রান্ত করে, হীন মানসিকতার কারণে যথেষ্ট পরিমাণ ধিক্কারও তাঁদের প্রাপ্য।
‘ক্রিকেট’ শব্দটাই বাংলাদেশে এখন বেশ মর্যাদার। খেলোয়াড় হোন বা কর্মকর্তা, কিংবা কোনো প্রতিষ্ঠান—নাম-পরিচয়ের সঙ্গে একবার ক্রিকেট-সংশ্লিষ্টতা যোগ হয়ে গেলে সারা জীবনের অর্জনের তালিকায় উঠে যায় সেটা। অথচ যাঁদের ঘিরে ক্রিকেট বাংলাদেশে সামাজিক মর্যাদার মানদণ্ড হয়ে গেছে, সেই ক্রিকেটাররাই অসহায়।
জাতীয় দলের খেলোয়াড়েরা সৌভাগ্যবান। বিসিবির চুক্তি, আন্তর্জাতিক ক্রিকেটের আয় এবং বিজ্ঞাপনী চুক্তি মিলিয়ে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ভালোই সমৃদ্ধ। কিন্তু দেশের বেশির ভাগ ক্রিকেটারই জাতীয় দল বা তার আশপাশেও নেই। ক্রিকেটার হিসেবে যাঁদের পেশার একমাত্র ভিত ঘরোয়া ক্রিকেট, তাঁদের অনেকেই পুরো মৌসুম খেলেও প্রাপ্য অর্থ পাচ্ছেন না। বিসিবি জাতীয় লিগের ম্যাচ ফি বাড়িয়েছে, বিসিএলের ম্যাচ ফিও বেশ আকর্ষণীয়। কিন্তু প্রিমিয়ার লিগ আর হাঁকডাকে লোভনীয় বিপিএলের টাকা প্রায়ই মরীচিকার মতো। দেখা যায়, তবু ধরা যায় না। বিসিবির করিডরে হাঁটতে গেলে এমন অনেক বিখ্যাত ক্রিকেটারকেই পাবেন, যাঁরা ছয় মাস আগে শেষ হওয়া বিপিএলের পুরো টাকাটাও হাতে পাননি এখনো।
ক্রিকেট খেলাটা বাংলাদেশে এখন পর্যন্ত শুধু জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই সম্মানজনক পেশা। প্রিমিয়ার লিগের কিছু ক্লাব আর বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির ছলচাতুরীর কারণে বাকি অনেকেরই জন্যই এটা হতাশার অন্য নাম।