অনেক ত্যাগের বিনিময়ে যুব বিশ্বকাপের ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকশনে কার্তিক ত্যাগি। ছবি: টুইটার
অ্যাকশনে কার্তিক ত্যাগি। ছবি: টুইটার
ভারত অনূর্ধ্ব-১৯ দলের পেসার কার্তিক ত্যাগির জন্য কম ত্যাগ করেননি তার বাবা যোগেন্দ্র।


ভারতের উত্তর প্রদেশের ধানাউড়া গ্রামের কৃষক যোগেন্দ্র ত্যাগি। জমি-জিরাত কতটুকু আছে সে হিসেব ছেলেকেও জানতে হবে—যোগেন্দ্র ত্যাগি এমন ধ্যানধারণার মানুষ নন। জমি-জমা নিয়ে ছেলের কোনো জানাশোনা নেই, সে কথা যোগেন্দ্র বেশ গর্ব নিয়েই বলেন। এর কারণ তিনি যখন ১২ বিঘা জমিতে ফসলের খোঁজে ঘাম ছড়ান, ছেলে তখন বাইশ গজে উইকেটের খোঁজে। কাজটা দুজনের জন্যই কঠিন। তবে ফল পাওয়ার দিক থেকে আপাতত বাবাকে ছাপিয়ে যাচ্ছে ছেলে—কার্তিক ত্যাগি।

নামটা পরিচিত লাগছে? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শিবিরে দেখা যাবে কার্তিককে। ঠিকই ধরেছেন, কার্তিক ভারত অনূর্ধ্ব-১৯ দলের পেসার। ১১ উইকেট নিয়ে দেশের ফাইনালে ওঠায় রেখেছেন বড় ভূমিকা। কাল তাঁর টানা ১৪০ কিলোমিটারের বেশি গতির সঙ্গে সুইং-বাউন্সও সামলাতে হবে বাংলাদেশের যুবাদের। ১৯ বছর বয়সেই কার্তিকের এতটা সামর্থ্যবান হয়ে ওঠার পেছনের গল্পটা বললেন তাঁর বাবা।

বাড়ির পাশে সিমেন্টের জীর্ণকায় নেটে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন কার্তিক। ভীষণ শীতে, অথবা ভরদুপুরে সূর্যকে মাথার ওপরে রেখে বোলিং করেছেন বেশি। যোগেন্দ্রর ভাষায়, ‘এক সেশনে এক শ-র বেশি বলও করেছে। খুব বেশি শীতে আর দুপুরে অনুশীলন করতে ও অভ্যস্ত। শক্ত আবহাওয়ায় নিজেকে গড়ে তোলা আর কি! অনেক পরিশ্রম করে ও। এ কারণে এত জোরে বল করতে পারে।’

যোগেন্দ্র ছোট থাকতে নিজেও খেলাধুলা করতেন। ‘শুটিং বল’-এ (অনেকটাই ভলিবল) আগ্রহ ছিল। একবার পদক জিতে বাড়ি ফিরে বাবার মার খেতে হয়েছিল। কৃষকের ছেলে খেলাধুলা করবে, তাতে সায় ছিল না পরিবারের। যোগেন্দ্রর স্বপ্নের তাই অকালমৃত্যু ঘটে। কিন্তু বাবা হয়ে ছেলের স্বপ্নের অপমৃত্যু তিনি চাননি। আর তাই কার্তিক ১০ বছর বয়সে ক্রিকেটার হতে চাইলে পুরো সমর্থন দিয়ে গেছেন যোগেন্দ্র, ‘ও কখনো জমিতে পা রাখেনি। কৃষিকাজ করেনি। আমি চাইনি ও কৃষক হোক। ও ফাস্ট বোলার হতে চেয়েছে। নিজের স্বপ্ন তো পূরণ হয়নি, এখন ছেলেকে সাহায্য করছি।’

গ্রামবাসীও অনেক সময় কৃষকের ছেলের ক্রিকেটার হয়ে ওঠা মেনে নিতে পারেনি। কার্তিকের নেট অনুশীলনের জায়গা অনেক সময়ই নষ্ট করে রাখা হতো। খুঁড়ে রাখা হতো রান-আপের জায়গা। কিন্তু পেসার হওয়ার অদম্য ইচ্ছা থাকায় কোনো কিছু তাঁকে ঠেকিয়ে রাখতে পারেনি। যোগেন্দ্র বুঝতে পেরেছিলেন, ক্রিকেটার হওয়া গুরুমুখী বিদ্যা। কোচ লাগেই। মেরুতে কারিগরি স্কুলে পেয়ে গেলেন উত্তর প্রদেশের সাবেক উইকেটরক্ষক বিপিন ভাটের একাডেমি। কার্তিককে দেখেই পছন্দ হয়ে গেল বিপিনের। এই বিপিন ছিলেন এক সময় প্রবীণ কুমার-ভুবনেশ্বর কুমারদের কোচ।

কার্তিক একাডেমিতে যোগ দেওয়ার পর স্কুলে হাফ-ক্লাসের ব্যবস্থা করে দেন তাঁর বাবা। ছেলের জন্য টিফিন নিয়ে যেতেন নিজেই। দুটো বাস পাল্টে রিকশা নিয়ে যেতেন একাডেমিতে। সন্ধ্যায় ফিরতেন ট্রেনে করে। কার্তিকের ক্যারিয়ারে খারাপ সময়ও এসেছে। ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে ফুটবল খেলতে গিয়ে বড় চোট পেয়েছিলেন ডান পায়ের গোড়ালিতে। সেটি ২০১৭ সালের কথা। ১৬ বছর বয়সী কার্তিকের চিকিৎসার জন্য আড়াই একর জমি বিক্রি করে ফেলেছিলেন যোগেন্দ্র। পচেফস্ট্রুমে ভারতীয় সংবাদমাধ্যমকে কার্তিক এ নিয়ে বলেন, ‘ফুটবল খেলার সময় পায়ে চোট পাই। চিকিৎসার জন্য টাকা ফুরিয়ে আসছিল। মাঠে ফিরতে ছয় মাস সময় লেগেছে। এর মধ্যে আমার চিকিৎসার জন্য বাবাকে সব জমি বিক্রি করতে হয়।’

কার্তিক এরপর থেকে অনুশীলনে আর ফুটবল খেলেন না। চোট পেতে পারেন এমন কোনো অনুশীলন তিনি বাধ্য না হলে করেন না। যেকোনো চোটই পেসারদের ‘শত্রু’। জাত পেসার হয়ে ওঠার স্বপ্ন থাকলে এতটুকু বিসর্জন তো দেওয়াই যায়।