অনেক দূর গড়িয়েছে কোহলি-কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

জল গড়িয়েছে অনেক দূরই। মঙ্গলবার বিরাট কোহলি এক সাংবাদিকের সঙ্গে ‘ভুল করে’ যে কাণ্ড ঘটিয়েছেন, তা গড়িয়েছে আইসিসির টেবিল অবধি। বিসিসিআইয়ের কাছেও আনুষ্ঠানিক অভিযোগনামা পেশ করেছেন আক্রান্ত সাংবাদিক। তবে ব্যাপারটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ধীরে চলো নীতি গ্রহণ করারই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
অনুশকা শর্মাকে নিয়ে লেখা কোনো একটি প্রতিবেদন পড়ে ওই সাংবাদিকের ওপর চড়াও হয়েছিলেন কোহলি। তিনি মনে করেছিলেন, ওই সাংবাদিকই আনুশকাকে নিয়ে লেখা প্রতিবেদনের জনক। গালিটালি ব্যবহার করার পর আবিষ্কৃত হয়, কোহলির সেই প্রতিবেদনের সাংবাদিক আর গালি খাওয়া সাংবাদিক এক নন। ভয়াবহ অবস্থা! কোহলি পরবর্তী সময় অন্য সাংবাদিক মারফত ক্ষমা চাইলেও ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্রকে এত সহজে ছেড়ে দিচ্ছেন না ওই গালি খাওয়া সাংবাদিক।
জানা গেছে, আক্রান্ত সাংবাদিকের নাম জসভিন্দর সিং। ভারতের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমস-এর হয়ে বিশ্বকাপ কাভার করছেন তিনি। সেই পত্রিকা মারফতই জানা গেছে, ক্ষুব্ধ এই সাংবাদিক কোহলির এমন আচরণের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠিয়েছেন আইসিসিতে। হিন্দুস্তান টাইমস কর্তৃপক্ষও বসে নেই। বিসিসিআইয়ের কাছেও পৌঁছে গেছে আনুষ্ঠানিক অভিযোগ।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য সাফাই গাচ্ছে দলের সেরা ব্যাটসম্যানের হয়েই। মিডিয়া ম্যানেজার আরএন বাবা তো ‘গালি’র কথা সরাসরি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্যমতে, ‘একটা ভুল–বোঝাবুঝি থেকে ব্যাপারটার উৎপত্তি। কিন্তু গালিগালাজ বা খারাপ ভাষা ব্যবহার করা হয়নি মোটেও। আর ঘটনার পরপরই ওই সাংবাদিকের সঙ্গে কথা বলে ব্যাপারটি চুকিয়ে ফেলেছেন কোহলি।’ এ ব্যাপারে মুখ খুলেছেন বোর্ডের নবনিযুক্ত সচিব অনুরাগ ঠাকুরও। তিনি বলেছেন, ‘কোহলি ব্যাপারটা নিয়ে যা বলার বলেছে। ভারতের জন্য এবারের বিশ্বকাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এ সমস্ত সমস্যা দূরে ঠেলে দিয়ে মাঠে মনঃসংযোগে তাদের সহায়তা করা। কোহলি তো তার ভুল মেনেই নিচ্ছে। ব্যাপারটাকে এখানেই শেষ করা ভালো।’ তবে সরাসরি না বললেও খেলোয়াড়দের ভবিষ্যতে এসব বিষয়ে আরও সচেতন হওয়ার ইঙ্গিত দেন বোর্ড সচিব।
এদিকে, সংবাদমাধ্যমের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান সংকটের সময় শান্তির সাদা পতাকা উড়িয়েছেন রবিচন্দন অশ্বিন। তিনি বিশ্বকাপের গুরুত্ব বিবেচনায় বিষয়টি দ্রুত মিটমাট করে নেওয়ারই আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র: পিটিআই।