অনেক নাটকের পর মোসাদ্দেকের জায়গায় মুমিনুল
টেস্ট দল থেকে বাদ পড়ার ২৬ ঘণ্টার মধ্যেই দলে ফিরলেন মুমিনুল হক। ২৭ আগস্ট থেকে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ জনের দলে তাঁকে নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনের জায়গায়। মোসাদ্দেককে বাদ দেওয়ার কারণ ‘চোখের সংক্রমণ’। বিসিবি থেকে সরকারিভাবে এটাই বলা হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান মুমিনুলকে টেস্ট দলে ফেরানোর ঘোষণা দেওয়ার আগে কাল শেরেবাংলা স্টেডিয়ামের বোর্ড কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সভা হয়েছে। তাতে সভাপতি ছাড়াও ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার, সহসভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান, পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
মুমিনুলকে ফেরানোর সিদ্ধান্ত যে হাথুরুসিংহের খুব একটা মনঃপূত হয়নি, সেটা বোঝা গেছে সভা শেষে বের হওয়ার সময়
তাঁর শরীরী ভাষা দেখে। অন্ধকারমাখা মুখেই গাড়িতে উঠে বসেন তিনি। রাতে মুঠোফোনে মুমিনুলের ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোচ বলেন, ‘প্রটোকল ছাড়া আমি কথা বলতে পারি না। মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম অনুমতি দিলে বলব।’ কিন্তু বিসিবির মিডিয়া ম্যানেজার অনুমতি দেননি।
কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তা-ও সরকারি ভাষায়। মুঠোফোনে তাঁর বক্তব্য, ‘আমরা দল ঘোষণার দিনই বলেছিলাম মোসাদ্দেকের চোখে একটু সংক্রমণ আছে। রোদে ওর চোখ খুলতে অসুবিধা হয়। আজ (গতকাল) বিসিবির চিকিৎসকের একটা রিপোর্টে বলা হয়েছে, ও আগামী ১৫ দিন সূর্যের আলোয় যেতে পারবে না। তত দিনে টেস্ট শেষ হয়ে যাবে। সে জন্যই মোসাদ্দেকের পরিবর্তে মুমিনুলকে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য মোসাদ্দেককে বিদেশেও পাঠানো হতে পারে।’ তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিবি সভাপতির সঙ্গে হওয়া সভায় হয়েছে কি না, জানতে চাইলে মিনহাজুল বলেছেন, ‘সে রকম কিছু নয়। সভায় আমরা গেমপ্ল্যান নিয়ে কথা বলেছি।’
মুমিনুলের দলে ফেরার কথা জানাতে গিয়ে বোর্ড সভাপতিও প্রায় একই কথাই বলেছেন, ‘সৈকতের (মোসাদ্দেক) চোখে সমস্যা আছে। এটার এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এ রকম একটা সিরিজে আমরা এ রকম একজন ঝুঁকিপূর্ণ খেলোয়াড় রাখব কেন? দলে রাখলে সে খেলতে পারে কি না সন্দেহ আছে।’
কিন্তু নাজমুল হাসান এ কথাটা বলেছেন সংবাদ সম্মেলনের একেবারে শেষে, মোসাদ্দেকের চোখের সংক্রমণ নিয়ে এক প্রশ্নের জবাবে। ১৪-১৫ মিনিটের সংবাদ সম্মেলনে এর আগে একবারও তিনি বলেননি চোখের সংক্রমণের কারণে মোসাদ্দেক দলের বাইরে চলে যাচ্ছেন, তাঁর জায়গা নিয়ে ফিরছেন মুমিনুল। অথচ এর আগেও সংবাদ সম্মেলনজুড়েই ছিল মুমিনুলের বাদ পড়া প্রসঙ্গ। বোর্ড সভাপতি বারবারই বলেছেন, তিনিও মনে করেন টেস্ট দলে মুমিনুলের থাকা উচিত।
কোচ, নির্বাচকেরা তাঁদের গেমপ্ল্যানের কারণে মুমিনুলকে বাদ দিয়েছেন বললেও বিসিবি সভাপতি তখন বলেছিলেন, ‘মুমিনুলের দলে না থাকাটা দুঃখজনক। কারণ মুমিনুল বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাকে যখন ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হলো, তখন ঠিক হলো ও টেস্টে মনোযোগ দেবে। এখন ও টেস্ট দলেও না থাকলে তো খারাপ লাগবেই। তবে একটা সিরিজ বা এক ম্যাচে না থাকা আর একদম না থাকার মধ্যে বিরাট পার্থক্য। প্রতিপক্ষ, গেমপ্ল্যানের কথা চিন্তা করে বাদ পড়তে পারে। তবে মুমিনুল বাদ পড়ার মতো কোনো খেলোয়াড় হতেই পারে না।’
পরে আরেক প্রশ্নের জবাবে তাঁর উত্তর ছিল, ‘মুমিনুলকে নিয়ে কারও চিন্তা করার কিছু নেই। ও আমাদের দেশের সম্পদ। ও যেন যথাযথ সুযোগ পায়, সেটা আমরা নিশ্চিত করব। এই একটা ম্যাচের জন্য ও পরিস্থিতির শিকার হয়ে গেছে। সামনে হয়তো দেখবেন যাদের রাখা হয়েছে, ওরাই আর সুযোগ পাচ্ছে না।’ এবার দল গঠনের আগে কোচ, নির্বাচকদের সঙ্গে তাঁর যোগাযোগ একটু কম ছিল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। থাকলে নাকি মুমিনুলকে তিনিই রেখে দিতেন টেস্ট দলে, ‘সেরা একাদশে খেলত কি না জানি না। তবে স্কোয়াডে রাখার সুযোগ ছিল। ১৪ জনের জায়গায় ১৫ জন করে দিলে কী হতো? এই বিতর্কে যাওয়ার দরকারটা কী? এসব আমাদের মাথায় রাখা উচিত। আর মুমিনুলের মতো খেলোয়াড় স্কোয়াডে নেই, এটা দেখতে যে কারোই খারাপ লাগবে।’
যেমন খারাপ লেগেছে জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের। পরশু বিকেলেই বিসিবি সভাপতির সঙ্গে এক সাক্ষাতে মুমিনুলকে দলে ফেরানোর অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। সবকিছুর যোগফলেই মুমিনুল এখন ঢাকা টেস্টের দলে। সরকারি কারণটা যদিও মোসাদ্দেকের চোখের সংক্রমণ। সভাপতির ভাষায়, ‘মুমিনুল আসছে, সৈকত খেলছে না, দুটোই সত্যি।’
নাজমুল হাসান অবশ্য চেয়েছিলেন, মোসাদ্দেককে রেখে ১৫তম সদস্য হিসেবে মুমিনুলকে দলে নিতে। কিন্তু হাথুরুসিংহে খেলোয়াড়সংখ্যা ১৪ জনের বেশি করতে রাজি হননি।