অনেক নাটকের পর হার পাকিস্তানের
মাউন্ট মঙ্গানুই টেস্টের পঞ্চম দিনটা পাকিস্তানের জন্য ছিল বড় চ্যালেঞ্জের। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল চতুর্থ দিনটা পাকিস্তান যেখানে শেষ করেছিল, তাতে আজ পঞ্চম দিনে জেতা কিংবা ড্র করার ব্যাপারটা বেশ কঠিনই ছিল। কিউই পেসারদের দাপটের সামনে হাতে ৭ উইকেট রেখে গোটা দিন দাঁড়িয়ে খেলে যাওয়া যেকোনো হিসেবেই কঠিন। জয়টা তো ছিল রীতিমতো মাউন্ট মঙ্গানুইয়ের চেয়েও উঁচু পর্বতে চড়ার মতো।
তবে দলটা যেহেতু পাকিস্তান তাই, তাই আজ সকালে টেলিভিশন খুলে অবাক হননি হয়তো অনেকেই। লড়াইটা পাকিস্তান ঠিকই করেছে। অনেক নাটকীয় পরিস্থিতির পর আশার সলতে জ্বলিয়েও হেরেছে ১০১ রানে। পাকিস্তানের শেষ উইকেট পড়ার সময়ে দিনের আর ওভার পাঁচেক বাকি!
ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে দিনের একটা পর্যায়ে মনে হচ্ছিল টেস্টটা ড্র–ই করে ফেলবে পাকিস্তান। কেন উইলিয়ামসনসহ নিউজিল্যান্ডের খেলোয়াড়দের শরীরী ভাষাও ছিল প্রচণ্ড হতাশ। কিছুতেই কিছু হচ্ছিল না। বাঁহাতি ফাওয়াদ আর ডানহাতি রিজওয়ান তাঁদের ব্যাটের প্রতিরোধেই তৈরি করেছিলেন সেই হতাশা। পাকিস্তানি ড্রেসিংরুমে তখন প্রত্যাশা। এই দুজন যেভাবে দুটি সেশন পার করে দিয়েছেন, তাতে জয় না হোক ড্রয়ের আশা তো করা যেতেই পারে।
চা–বিরতির পরে ফাওয়াদ সেঞ্চুরি পেলেন। রিজওয়ানও তাঁকে দিয়ে যাচ্ছিলেন দারুণ সঙ্গ। কিন্তু ১০৩তম ওভারে কাইল জেমিসনের বলে রিজওয়ান যখন রিভিউয়ে আউটের সংকেত পেলেন, তখন থেকেই পা হড়কানোর শুরুটা পাকিস্তানের। ৬০ রানে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়কের আউটটি আক্ষরিক অর্থেই ছিল টার্নিং পয়েন্ট। কিন্তু আশা ছিল, ফাওয়াদ যে তখনো ব্যাটিং করছিলেন। সেঞ্চুরি করেছেন, পুরোপুরি সেট। টেল এন্ডারদের সঙ্গে নিয়ে তিনি তৃতীয় সেশনটা পার করে দেবেন—এমন আশা তো ছিলই। কিন্তু ফাওয়াদও নিজের সেঞ্চুরিটা বড় করতে পারলেন না ১০২ রানেই নিল ওয়াগনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিলেন তিনি। পাকিস্তানের আশার সমাধি সেখানেই।
ফাওয়াদ আলম নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা পেলেন ১১ বছর পর। অবশ্য ২০০৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর এ নিয়ে টেস্টই খেলেছেন ৬টি। ২০০৯ সালের পর প্রথম টেস্ট খেলেছিলেন করোনা–পরবর্তী সময়ে এ বছরের আগস্টে। সেই ফাওয়াদই মাউন্ট মঙ্গানুই টেস্টে দলের লড়াইয়ের নেতৃত্বটা দিয়েছেন সামনে থেকেই। ৩৯৬ মিনিট ব্যাটিং করে ২৬৯ বল মোকাবিলা করে করেছেন ১০২। বাউন্ডারি ছিল ১৪টি।
রিজওয়ান ২৮৫ মিনিটে ১৯১ বলে করেছেন ৬০। এ দুজন পঞ্চম উইকেট জুটিতে ১৬৫ রান তুলেছিলেন। তাঁরা যখন ব্যাটিং করছিলেন তখন মাঝেমধ্যে অতি আশাবাদী সমর্থকদের মনে যে জয়ের আশা উঁকি দেয়নি, সেটাও নয়। ৩৭৩ রানের লক্ষ্যটা অনেক বড় হলেও ক্রিকেটে তো অনেক কিছুই হয়। কিন্তু আশার সঙ্গে ছিল শঙ্কাও। ফাওয়াদ–রিজওয়ান ফিরে গেলে এক ফাহিম আশরাফ ছাড়া তো বলার মতো কোনো ব্যাটসম্যানই নেই পাকিস্তানের। ফাহিমকে নিয়ে আশা ছিল। প্রথম ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। কিন্তু তিনি এবার দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ। ওই ওয়াগনার–ওয়াটলিং যুগলবন্দীই তাঁকে ফিরিয়েছে ১৯ রানে।
এরপর ইয়াসির শাহর কাছ থেকে এক বছর আগে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা টেস্ট সেঞ্চুরির মতো না হলেও তেমন ধরনেরই কিছু আশা করেছিল পাকিস্তানিরা। কিন্তু তিনি ফিরে যান রানের খাতা না খুলেই। ৫ বল খেলে জেমিসনের বলে টিম সাউদির ক্যাচে পরিণত হন তিনি। মোহাম্মদ আব্বাসকে বোল্ড করেন মিচেল স্যান্টনার। এই স্যান্টনারের বলেই পাকিস্তানের শেষ প্রতিরোধ ভেঙেছে—নাসিম শাহর ফেরার মধ্য দিয়ে।
পঞ্চম দিনে যে এত নাটক অপেক্ষা করে আছে, দিনের শুরুতে সেটা কে বুঝেছিল! তবে আগেই বলা হয়েছে, দলটা পাকিস্তান বলেই অনেক কিছুর সম্ভাবনা উঁকি দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। ১৭০ মিনিট ব্যাটিং করে আজহার আলী যখন ১০২ বল খেলে ৩৮ রানে ফেরেন, হারিস সোহেল যখন দ্রুতই আজহারকে অনুসরণ করেন, তখন পাকিস্তানের হার নিয়ে কারও কোনো সংশয় ছিল না। তবে ফাওয়াদ আর রিজওয়ান সত্যিকার অর্থেই টেস্ট ক্রিকেটের মজাটা আবার নতুন করে ক্রিকেটপ্রেমীদের অনুভব করার সুযোগ করে দিয়েছেন।
শাহিন শাহ আফ্রিদি আর নাসিম শাহ নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন। প্রায় ৮ ওভার ধরে নিউজিল্যান্ডের বোলিং তোপ সামলেছেন তাঁরা দুজন। শেষে স্যান্টনারের বলে তাঁকেই ক্যাচ দেওয়ার আগে তরুণ নাসিম শাহও ছিলেন স্থির, নিজেদের লক্ষ্যে অবিচল। যেকোনো বিচারেই দারুণ একটা টেস্ট। এ ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থানটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।