অনেক রেকর্ডের জয়ে টেস্ট শ্রেষ্ঠত্বে চোখ কোহলিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয়ের আনন্দ কোহলির। ছবি: এএফপি।
সিরিজ জয়ের আনন্দ কোহলির। ছবি: এএফপি।

জিততে হলে রেকর্ডই গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। লক্ষ্য ছিল ৩৪৬, অথচ দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্টের চতুর্থ ইনিংসে কখনো ৩০০-ই পেরোতে পারেনি ক্যারিবীয়রা। এর আগের সর্বোচ্চ রান ছিল ২০০৬ সালে, ২৯৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেন্ট লুসিয়া টেস্টের শেষ দিনে কাল রেকর্ড তো দূরের কথা, টেস্টটা বাঁচাতেই পারলেন না হোল্ডার-স্যামুয়েলস-ব্রাভোরা। অলআউট হয়ে গেছেন মাত্র ১০৮ রানে। তাতে এক টেস্ট হাতে রেখে উল্টো সিরিজ তো জিতলই, ভারত গড়ল অনেকগুলো রেকর্ডও। এই জয়ে টেস্ট শ্রেষ্ঠত্বটা অস্ট্রেলিয়ার কাছ থেকে কেড়ে নেওয়ার স্বপ্নও দেখছেন কোহলিরা।
রেকর্ডগুলো বলে নেওয়া যাক। চার টেস্টের সিরিজের তিনটি শেষে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত, ২০০৫ সালের পর এই প্রথম এশিয়ার বাইরে কোনো দেশে গিয়ে একই সিরিজে দুটি টেস্ট জয় তাদের। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো সিরিজে দুটি টেস্ট জয়ের স্বাদ পাওয়া এই প্রথম! ২৩৭ রানের জয়টা এশিয়ার বাইরে ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানেরও জয়। এর চেয়ে বড় জয় এসেছে শুধু ১৯৮৬ সালে ইংল্যান্ডে (২৭৯ রান) ও ১৯৬৭-৬৮ সিরিজে নিউজিল্যান্ডে (২৭২)।
টেস্ট জয়ের স্বপ্নটা আগের দিনই বেশ উজ্জ্বল হয়েছিল ভারতের। সাত উইকেট হাতে রেখেই ২৮৫ রানের লিড নিয়ে আগের দিন শেষ করেন কোহলিরা। কাল সকাল থেকে তাই ঝোড়ো ব্যাটিংয়ে লক্ষ্যটাকে ওয়েস্ট ইন্ডিজের নাগালের বাইরে নিয়ে যেতে চেয়েছিল ভারত। সফলও হয়েছে। মাত্র ৯ ওভারে তুলে নেয় ৬০ রান, ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ২১৭ রানে। 

লক্ষ্য ৩৪৬, চাপেই কি ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ? এমনিতেই এই দলের এত বড় লক্ষ্য তাড়া করার ক্ষমতা নিয়ে সংশয় ছিল অনেক, সংশয়টা সত্যিও হলো ভারতীয় পেসারদের তোপের মুখে। মোহাম্মদ শামি নিয়েছেন তিন উইকেট, বাকি দুই পেসার ভুবনেশ্বর ও ইশান্ত মিলে নিয়েছেন আরও তিনটি। তাতেই মাত্র ১০৮ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। যা একটু লড়াই করলেন শুধু ড্যারেন ব্রাভোই, ৫৯ রান করেছেন তিনি। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছোঁয়ার ‘গৌরব’ সঙ্গী হলো মাত্র তিনজনের।
এক টেস্ট হাতে রেখেই সিরিজ জিতে এখন টেস্ট শ্রেষ্ঠত্বে চোখ ভারতের। এ জন্য শুধু সিরিজে পরের টেস্টটি জিতলেই হবে কোহলিদের। সূত্র: ক্রিকইনফো।