অনেক সিদ্ধান্তের এক সভা
জাতীয় দলের জন্য স্থায়ী ম্যানেজারের কথা বিসিবি কর্মকর্তারা শুধু মুখেই বলেন। কিন্তু সেটা কাজে আর প্রমাণিত হয় না! বিশ্বকাপের ম্যানেজার করা নিয়েও তাই হলো। জাতীয় দল এবারও পেল স্বল্প মেয়াদের একজন ম্যানেজার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে এই দায়িত্বটা পালন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ।
কাল রাজধানীর একটি হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের দশম সভা শেষে সিদ্ধান্তটা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান, ‘বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ।’ সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকটি স্থায়ী কমিটির প্রধানের পদে আনা হয়েছে রদবদল।
ক্রিকেট পরিচালনা প্রধানের পদে যেমন এলেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান। এই কমিটির আগের প্রধান আরেক সাবেক অধিনায়ক আকরাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে টুর্নামেন্ট কমিটির প্রধানের। এ ছাড়া গ্রাউন্ডস কমিটির প্রধান হয়েছেন বোর্ড পরিচালক হানিফ ভূঁইয়া। এই কমিটির সাবেক প্রধান লোকমান হোসেন ভূঁইয়া পেয়েছেন ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব। আর সিসিডিএমের নতুন প্রধান হয়েছেন গাজী গোলাম মোর্তজা।
নতুন কমিটির দায়িত্ব পেলেও নাঈমুর রহমান অবশ্য এটিকে নতুন ভাবছেন না, ‘আমি আগেও একটা কমিটির দায়িত্বে ছিলাম, এখনো তাই আছি।’ সংসদ সদস্য হওয়ায় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে পর্যাপ্ত সময় দিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তাঁর সোজাসাপ্টা উত্তর, ‘আমি যা করি দায়িত্ব নিয়েই করি। যদি দেখি আমি পর্যাপ্ত সময় দিতে পারছি না, তাহলে দায়িত্ব ছেড়ে দেব।’
বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়ার্কিং কমিটির প্রধানের পদটি খালিই ছিল। কালকের সভায় গুরুত্বপূর্ণ এই পদের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এনায়েত হোসেনকে। তাঁর নেতৃত্বে সব স্থায়ী কমিটির প্রধানেরা এই কমিটিতে থাকবেন। এ ছাড়া গঠিত হয়েছে টেকনিক্যাল কমিটিও। ছয় সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ্ বাদশা, এ এস এম ফারুক, শফিকুল হক, মাঈনুল হক, ইশতিয়াক আহমেদ ও আতহার আলী খানকে রাখা হয়েছে এই কমিটিতে। ‘তাঁদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত করব। যদি কখনো আমাদের কোনো টেকনিক্যাল সাহায্য লাগে বা মতামত লাগে, তাঁরা আমাদের সেটা দেবেন’—সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন নাজমুল হাসান।
সভায় নতুন চুক্তির জন্য ১৪ ক্রিকেটারের নামও অনুমোদিত হয়েছে। চুক্তি থেকে বাদ পড়েছেন আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। বিশ্বকাপ দলের সঙ্গে ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পে দুজন বাড়তি ক্রিকেটার নেওয়ার কথা থাকলেও কালকের সভা সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছে। এ ব্যাপারে সভাপতির ব্যাখ্যা, ‘পাঠাচ্ছি না এই কারণে, কী লাগবে আমরা তো জানি না! বিকল্প খেলোয়াড় লাগলে উইকেটকিপার লাগতে পারে, ফাস্ট বোলার লাগতে পারে বা স্পিনার লাগতে পারে। যখন লাগবে, ৩০ জনের যে স্কোয়াড আছে ওখান থেকেই যাবে।’
এ ছাড়া অস্ট্রেলিয়ান কোচ রস টার্নার বিসিবিকে যে চার বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, সেটি গ্রহণ করারও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। আলোচনা হয়েছে বিপিএলের পরবর্তী আসর নিয়েও। তৃতীয় বিপিএল শুরু হতে পারে এ বছরেরই নভেম্বর মাসে।
ক্রিকেটারদের নতুন চুক্তি
এ+ মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
এ মাহমুদউল্লাহ।
বি রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েস।
সি এনামুল হক, মুমিনুল হক ও শফিউল ইসলাম।
ডি তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানি।