অনেক 'প্রথম'-এর লজ্জার সামনে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত মুখ কালো করে মাঠ ছাড়তে হচ্ছে ভারতীয় দলকে। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত মুখ কালো করে মাঠ ছাড়তে হচ্ছে ভারতীয় দলকে। ছবি: রয়টার্স

‘সব ভালো যার শেষ ভালো তাঁর!’ কথাটি মিথ্যে বলেই মনে হবে মহেন্দ্র সিং ধোনির। ভারতের অধিনায়কত্ব করছেন আট বছর ধরে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে। কিন্তু অধিনায়কত্বের শেষ দিকে এসে রাজত্ব খোয়াতে বসেছেন। তা-ই নয়, এমন অনেক রেকর্ডের সঙ্গে জড়িয়ে যাচ্ছে নাম, ধোনি কল্পনাও হয়তো করেননি!

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পেয়েই চমকে দিয়েছিলেন। তরুণ এক দল নিয়েই দেশকে জিতিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ, ঘুচিয়ে দিয়েছিলেন ৫০ ওভারের আসল বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার ক্ষত। চার বছর পর নিজেদের মাটিতে ২০১১ বিশ্বকাপ জিতে তো অমরত্বই পেয়ে গিয়েছিলেন ইতিহাসে। এর মাঝখানে টেস্ট র‍্যাঙ্কিংয়েও তাঁর দল উঠে এসেছিল শীর্ষে। সেই ধোনিই এখন ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। এমনকি দলে জায়গা পাওয়া নিয়েও উঠে গেছে প্রশ্ন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার ওয়ানডেতেই হেরেছে ধোনির দল। টানা চার ম্যাচ হারার পর ধবল ধোলাইয়ের লজ্জাটাই শুধু বাকি তাদের জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে যে লজ্জা এর আগে কেবল তিনটি দলই পেয়েছে। অস্ট্রেলিয়া প্রথাগতভাবেই নিজেদের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ কম খেলে। সে জন্য এ লজ্জার ভাগীদার কেবল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৫-০ ব্যবধানে। আর বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে দুবার।
শেষ ম্যাচটা ভারত যদি হেরেই বসে, অস্ট্রেলিয়ায় ধবল ধোলাই হওয়া মাত্র চতুর্থ দল হবে তারা। ভারতের এমন অভিজ্ঞতা তাদের জন্য হবে এই প্রথম। অথচ ধোনির অধিনায়কত্বে কখনোই কোনো সিরিজে ধবল-ধোলাই হতে হয়নি ভারতকে। প্রথম ‘চুনকাম’-এর লজ্জার মুখে পড়বেন অধিনায়ক ধোনি। এ নিয়ে ২৭টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে ধোনি হেরেছেন কেবল ১১টি সিরিজে। এর মাঝে সর্বশেষ ৭ সিরিজেই ৫ হার। ইদানীংকালে এমন পরিসংখ্যানই ধোনির অধিনায়কত্বকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। কানাঘুষা শোনা যাচ্ছে, শিগগিরই হয়তো বিরাট কোহলির কাছে সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্বটাও ছেড়ে দিতে হতে পারে তাঁকে। একরাশ হতাশা নিয়েই হয়তো বিদায় নিতে হবে ধোনিকে।
তাহলে আর ‘সব ভালো যার শেষ ভালো তাঁর’ কথাটি সত্য হলো কীভাবে!