অনেকটাই এগিয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ইনিংস পর রানে ফিরলেন আজহার l এএফপি
দুই ইনিংস পর রানে ফিরলেন আজহার l এএফপি

চট্টগ্রামের হাওয়া বোধ হয় আবুধাবিতেও পৌঁছে গেল!
চট্টগ্রাম টেস্টে ব্যাট-বলের সঙ্গে আরেকটি খেলাও চলছে, রিভিউয়ের খেলা। কাল আবুধাবি টেস্টেও রিভিউ খেলা দেখাল ভালোই। ডিআরএস পদ্ধতিতে তিন-তিনবার ভুল প্রমাণিত হলেন দুই ইংলিশ আম্পায়ার। তবে চট্টগ্রামের সঙ্গে পার্থক্য—রিভিউয়ের হাওয়া লাগলেও টেস্টটা বড় পানসে হচ্ছে সেখানে। সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় দেখছে পাকিস্তান, তৃতীয় দিন শেষে ৩৪২ রানে এগিয়ে আছে তারা।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই রিভিউ নিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা সফল হলো না। দশম ওভারে আজহার আলী আউট। রিভিউ জানাল, সিদ্ধান্তটি ভুল। ১ ওভার বিরতি দিয়ে আবারও রিভিউ-নাটক, এবার ব্যাটসম্যান ছিলেন সামি আসলাম। দুবারই বোলার ক্রেগ ব্রাফেট, আম্পায়ার মাইকেল গফ। পরশু ওয়েস্ট ইন্ডিজ ইনিংসেও পরপর দুই বলে দুবার ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন গফ।
কাল ওয়েস্ট ইন্ডিজের একমাত্র সাফল্যটি আসে রিভিউয়ের হাত ধরেই। আসলামকে কট বিহাইন্ড করেন শ্যানন গ্যাব্রিয়েল। কিন্তু আউট দেননি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। আবারও রিভিউ, এবার ফিরতেই হয় আসলামকে, ঠিক ৫০ রানে। ততক্ষণে অবশ্য উদ্বোধনী জুটিতে ৯৩ রান হয়ে গেছে পাকিস্তানের, লিড তারও অনেক আগে ছুঁয়েছে তিন শ। দিনের বাকি সময়েও মাথা কুটে মরেছেন ক্যারিবীয় বোলাররা। ১ উইকেট হারিয়েই ১১৪ রানে দিন শেষ করে পাকিস্তান।
দিনের প্রথম ভাগটাও হতাশায় কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। ১০৬ রানে দিন শুরু করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। সবাই উইকেটে সময় কাটালেও বড় রান করতে পারছিলেন না কেউ। পাকিস্তানের বোলারদের বিপক্ষে একমাত্র জেসন হোল্ডারকেই স্বচ্ছন্দ লেগেছে। কিন্তু অপরাজিত ৩১ রানেও দলের স্কোর ২২৪-এর চেয়ে বড় করতে পারেননি অধিনায়ক। ২২৮ রানের লিড পায় পাকিস্তান, সিরিজে দ্বিতীয়বারের মতো দুই শ রানের বেশি লিড! টেন ক্রিকেট।