অন্তর্জালে এ কী উত্তেজনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের নায়কেরা
জয়ের নায়কেরা

‘আমি এটা বিশ্বাস করতে পারছি না, কোনোভাবেই না’—শব্দগুলো টাইপ করতে করতে কেভিন পিটারসেনের হাত কি কেঁপে যাচ্ছিল? অ্যান্ডারসনের স্টাম্প ছত্রখানের সঙ্গে শেষ হয়ে গেল ইংল্যান্ডের বিশ্বকাপ-অভিযান, চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না কেপি। হতবিহ্বল ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান পরে নিজেকে সামলে নিয়ে অবশ্য লিখলেন, ‘দারুণ খেলেছে বাংলাদেশ। জয়টা তাদেরই প্রাপ্য।’
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের স্নায়ুক্ষয়ী উত্তেজনায় কাল ভেসে গিয়েছিল অন্তর্জালজগৎও। বাংলাদেশ ২৭৫ রান করে ফেলার পরও অবশ্য সিঁদুরে মেঘ দেখেননি সাবেক ইংলিশ ক্রিকেটাররা, অ্যাডিলেডের ব্যাটিং-উইকেটে বেল-রুটরা এই রান
তাড়া করতে না পারার তো কারণ নেই। ১ ওভারে বেল ও মরগান আউট হয়ে যাওয়ার পর নড়েচড়ে বসেন তাঁরা। ডেভিড লয়েড টুইট করলেন, ‘মরগানও গেল। ইংল্যান্ড কিন্তু ভালোই বিপদে।’ ওদিকে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তখন মনে করিয়ে দিচ্ছেন অতীত, ‘বাংলাদেশ এগিয়ে চলো। চার বছর আগে বিশ্বকাপের সেই ম্যাচের পুনরাবৃত্তি হোক না!’
কিন্তু বাটলার-ওকস ইংল্যান্ডকে একটু একটু করে নিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। মাইকেল ভন তখনো নিশ্চিন্ত, ‘আরে, আমরা তো বাটলারের জন্যই অপেক্ষা করছিলাম।’ একটু পরেই কি মুছে যায়নি ভনের হাসি যখন আউট হয়ে গেছেন বাটলার। খানিক পর রানআউটে ফিরে যান ক্রিস জর্ডান। ইয়ান বোথামের চোখে রানআউটটা বিতর্কিত, ‘এটা কোনো কথা? তৃতীয় আম্পায়ার কি নিশ্চিত ওটা আউট ছিল?’
ম্যাচটা এরপর রং বদলেছে ক্ষণে ক্ষণে। তামিম ওকসের ক্যাচটা ফেলে দিলে যেন হাঁফ ছেড়ে বাঁচেন সাবেক ইংলিশ পেসার ডেরেক প্রিঙ্গল, ‘ওকসের শটটা খুবই বাজে, ভাগ্য ভালো তামিম ওটা ফেলে দিয়েছে।’ সেখান থেকে রুবেলের অবিশ্বাস্য এক ওভারে ম্যাচ বাংলাদেশের, ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্ন শেষ। বোথাম সেই শোক সামলেই অভিনন্দিত করলেন বাংলাদেশকে, ‘দারুণ দেখিয়েছ বাংলাদেশ। ইংল্যান্ড এককথায় জঘন্য। কবে আমরা ওয়ানডের জন্য দল বানাতে পারব?’ মাশরাফিদের জন্য শেন ওয়ার্নের অভিনন্দন, ‘অ্যাডিলেডে অসাধারণ সব দৃশ্য! বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন। এটাই বিশ্বকাপ—গৌরব ও আবেগের।’ নেপথ্য নায়ক চন্ডিকা হাথুরুসিংহেকে ভুলে গেলেন না মিচেল স্টার্ক, ‘অভিনন্দন বাংলাদেশ! চন্ডিকাই সেরা।’ বলে রাখা ভালো, স্টার্কের দল নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন হাথুরুসিংহে।
ওদিকে ইংলিশ কোচ পিটার মুরসের পিণ্ডি চটকাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। ক্ষোভ, অবিশ্বাস, লজ্জায় ভন, পিটারসেনরা ঝাল ঝেড়েছেন টুইটারে। ব্রায়ান লারার টুইটটা দেখলে তাঁদের কাটা ঘায়ে নিশ্চিতভাবেই লেগেছে নুনের ছিটা, ‘ইংল্যান্ডকে এখন ভালোভাবে বিদায় বলা যায়, বাংলাদেশ দুর্দান্ত!’ খোঁচা দিতে ছাড়েননি ড্যারেন স্যামিও, ‘ভাগ্য ভালো ইংল্যান্ড আইসিসির পূর্ণ সদস্য। বিশ্বকাপ বাছাইয়ের চাপটা তারা কীভাবে সামলাবে কে জানে!’
২২ গজের মতো টুইটার-ফেসবুকও ইংল্যান্ডের জন্য কুরুক্ষেত্র!

মাহমুদউল্লাহ
১৩৮ বলে ১০৩
মুশফিকুর রহিম
৭৭ বলে ৮৯
রুবেল হোসেন
৫৩ রানে ৪ উইকেট
মাশরাফি বিন মুর্তজা
৪৮ রানে ২ উইকেট
তাসকিন আহমেদ
৫৯ রানে ২ উইকেট