অন্ধকারে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দল। কেপটাউনে ২৬ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র দুই দিন। কিন্তু কাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ভিসা মেলেনি কারোর। ক্রিকেটাররা কবে ঢাকা ছাড়বেন এটাও স্পষ্ট করে বলতে পারলেন না বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) কর্মকর্তারা।
শুধু তা-ই নয়, বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচিও জানেন না ক্রিকেটাররা! বিশ্বকাপ যাত্রা উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গতকাল বিবিসিসি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানেই এক কর্মকর্তা জানালেন, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ ডিসেম্বর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু ইন্টারনেট ঘেঁটে যে সূচি পাওয়া গেল তাতে স্পষ্ট লেখা বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর। কেপটাউনের ওয়ালি উইলসন স্টেডিয়ামে সেই ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩ ডিসেম্বর প্রতিযোগিতার কোনো ম্যাচই নেই। সেদিন বিশ্ব একাদশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের।
বিশ্বকাপের জন্য মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্ডপ স্কুল মাঠে দুই মাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দল। ১৭ সদস্যের দলে আছেন বি-১ ক্যাটাগরির চারজন। এরা পুরোপুরি দৃষ্টিহীন। এই ক্রিকেটাররা রান করলে তা দ্বিগুণ হিসেবে যোগ হবে। দলের বি-২ ক্যাটাগরির ক্রিকেটার তিনজন, সর্বোচ্চ ৫ মিটার পর্যন্ত এদের দৃষ্টিসীমা। আর বি-৩ ক্যাটাগরির চারজন ১৫ মিটার পর্যন্ত ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। খেলা হবে ৪০ ওভারের। দলের অধিনায়ক হাফিজুর রহমানের আশা, তাঁদের দল দ্বিতীয় রাউন্ডে যাবে।
বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।