অন্য কেউ রাজি না হওয়ায়...

নিজের নামের সঙ্গে যখন ‘সাবেক অধিনায়ক’ অভিধাটি যুক্ত হয়, তখন বেশ লজ্জাই পান অনিল কুম্বলে। কী পরিস্থিতিতে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ভার তুলে নিতে হয়েছিল, সেটা তো তিনি জানেন। তিনিই জানেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি কখনোই কর্তা-ব্যক্তিদের পছন্দের তালিকায় ছিলেন না। ২০০৭ সালে অধিনায়কত্বটা যে একান্তই পরিস্থিতির কারণে হাতে পাওয়া, সেটা অকপটেই স্বীকার করেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট-শিকারি এই লেগ স্পিনার।
মঙ্গলবার পানজিতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কুম্বলে অভিযোগ করেছেন, ক্রিকেটে বোলাররা সব সময়ই অবহেলিত। বোলাররা ক্রিকেটে খুব সহজেই নায়ক হতে পারেন না। উইকেট ও আবহাওয়ার ওপর নির্ভর করে একাদশে বোলার নির্বাচন করা হয়। আমার প্রশ্ন, এটার কি খুব দরকার? ব্যাটসম্যানরা যদি উইকেটের সঙ্গে মানিয়ে খেলতে পারে, তাহলে বোলাররাও পারবে, তাদের কেবল সুযোগটা করে দিতে হবে।’
কুম্বলে তাঁর অধিনায়কত্ব পাওয়ার গল্পটা বলেছেন ঠিক এইভাবেই, ‘রাহুল যখন অধিনায়কত্ব ছাড়ল, তখন ভারতীয় দলে অধিনায়ক হওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। টেন্ডুলকারকে প্রস্তাব দেওয়া হলো, সে এক কথায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। অথচ তখনো দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার কথা ভাবা হয়নি। আমাকে অধিনায়কত্বের দায়িত্বটা যেন দেওয়া হয়েছিল নিতান্তই অনন্যোপায় হয়েই।’
কুম্বলে আরও বলেছেন, অধিনায়কত্বের এক বছরে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। ১৭ বছরের অভিজ্ঞতা থেকে তিনি দলের অধিনায়কত্ব করেছেন। জুনিয়রদের তো সামলাতে হয়েছেই, সামলাতে হয়েছে সিনিয়রদেরও। এমনকি একজন ‘ওয়ানডে অধিনায়ক’কে সামলাতেও তাঁর নাকি যথেষ্ট বেগ পেতে হয়েছে।’ সূত্র: পিটিআই।