অন্য জোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে জোড়া সেঞ্চুরি পেলেন ডেভিড ওয়ার্নার। জোড়া সেঞ্চুরির পথে এক ভারতীয়ও। আর মাত্র ৫ রান হলেই হয়। কর্ণ শর্মা অবশ্য মনেপ্রাণেই চাইবেন না এই ‘কীর্তি’ গড়তে। বোলিংয়ে রান দেওয়ার সেঞ্চুরি করতে কোন বোলারই চায়। প্রথম ইনিংসে ১৪৩ রান দেওয়া এই লেগ স্পিনার দ্বিতীয় ইনিংসেও বিলিয়েছেন ৯৫ রান। আর ৫ রান দিলেই টেস্ট অভিষেকে দুই ইনিংসেই ১০০ রান দেওয়া প্রথম ভারতীয় বোলার হয়ে যাবেন কর্ণ। সব দেশ মিলিয়েও টেস্ট অভিষেকে দুই ইনিংসেই ১০০ রান বিলানো বোলারের সংখ্যা মাত্র ৭। সর্বশেষ গত অক্টোবরে দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই দুর্ভাগ্যের সঙ্গী হয়েছেন অস্ট্রেলীয় বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। এ ছাড়া ইংল্যান্ডের ডগলাস কার, টিচ ফ্রিম্যান, অস্ট্রেলিয়ার ফ্র্যাঙ্ক ওয়ার্ড, জেসন ক্রেইজা, ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইন ও পাকিস্তানের আবদুর রেহমানের টেস্ট ক্যারিয়ার শুরু হয় দুই ইনিংসেই ১০০ রান দিয়ে।