মাঠে যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই সৌম্যকান্তি। সারাটা জীবন পাদপ্রদীপের আলোয় থেকেও শচীন টেন্ডুলকার নিজেকে ঢেকে রেখেছেন অদ্ভুত সংযমে। কিন্তু টেন্ডুলকারেরও মাথাও বিগড়োয়, বিগড়েছিল একবার! না, কারও সঙ্গে তর্কে জড়িয়ে বা অন্য কিছুতে নয়, ড্রাইভিং সিটে বসে। ঘটনাটা কয়েক বছর আগের। লিটল মাস্টারের গাড়ির নেশাটা অনেকেই কমবেশি জানেন। বিখ্যাত বিএমডব্লু কোম্পানি তাদের ‘লিমিটেড এডিশনের’ গাড়িগুলোর একটি টেন্ডুলকারকে দিয়েছিল ব্রেকটা পরীক্ষা করে দেখার জন্য। স্ত্রী অঞ্জলিকে নিয়ে বসে যান ড্রাইভিং সিটে। নতুন গাড়ি, এর আগে চালানো হয়নি। ইংল্যান্ডের রাস্তায় টেন্ডুলকারকে পেয়ে বসল গতির নেশায়। অনেকটা গতি তোলার পর সজোরে ব্রেক কষেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। এতে মাথা চক্কর দিয়ে ওঠে দুজনেরই। কিন্তু মাথাব্যথাটা দীর্ঘক্ষণ ভোগায় অঞ্জলিকে। এ নিয়ে গৃহশান্তিও কি একটু নষ্ট হয়েছিল? সেটি বলেননি, গুরগাঁওয়ে একটা গেমিং সেন্টারের উদ্বোধনে গিয়ে পরশু এই কাহিনিটাই শুধু শুনিয়েছেন টেন্ডুলকার। এনডিটিভি।