অন্য দেশের হয়ে খেললে কিংবদন্তি হতেন এই ৫ ভারতীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি অ্যাশেজ এগিয়ে আসছে। অস্ট্রেলিয়ান নির্বাচকেরা নির্ঘাত দীর্ঘশ্বাস ফেলছেন। জাতীয় দলের ডাকার মতো স্পিনার কই? সেই নাথান লায়নই ভরসা। অথচ একটা সময় অন্তত স্পিনার নিয়ে কোনো ভাবনাচিন্তা করতে হতো না অস্ট্রেলিয়াকে। তখন যে ছিলেন শেন ওয়ার্ন! শুধু তাঁর জন্য স্টুয়ার্ট ম্যাকগিলের মতো ক্ষণজন্মা এক লেগ স্পিনার কখনো থিতু হতে পারেননি অস্ট্রেলিয়া দলে। অথচ বিশ্বের অন্য কোনো দলে কিংবা অন্য কোনো প্রজন্মে দলের মূল ভরসা হিসেবেই ম্যাকগিল পার করতে পারতেন গোটা ক্যারিয়ার।

ভারতীয় স্পিনারদের ক্ষেত্রে এ কথা আরও বেশি করে সত্য। এখন জুটি বেঁধে ভারতীয় বোলিংয়ের ভার সামলাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাঁদের আগে দায়িত্বটা সামলেছেন অনিল কুম্বলে ও হরভজন সিং। তবে এঁরাই যে তাঁদের যুগের একমাত্র প্রতিনিধি, তা কিন্তু নয়। এমন অনেক স্পিনারই ছিলেন বা আছেন, যাঁদের ভারতীয় দলে ঢোকার যোগ্যতা ছিল। কিন্তু দলের ভারসাম্যের জন্য কপাল খোলেনি। তবে অন্য কোনো দেশে জন্ম নিলেই হয়তো পরিণত হতেন কিংবদন্তিতে! আসুন জেনে নেই এমন পাঁচ বোলারের কথা:

মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন বমন। ছবি: ইয়াহু
মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন বমন। ছবি: ইয়াহু


১. বমন বিশ্বনাথ কুমার (৫৫-৭৬)
ভারতীয় নির্বাচকদের প্রশ্নবিদ্ধ দল নির্বাচনের বলি বমন। দুর্দান্ত প্রথম শ্রেণির ক্যারিয়ারের পরও মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ হয়েছিল এই লেগ স্পিনারের। পাকিস্তানের সঙ্গে অভিষেকেই পাঁচ উইকেট পেয়ে শুরু করেছিলেন। কিন্তু দুই টেস্টে ৭ উইকেটেই থেমে যেতে হয়েছে তাঁকে। নির্বাচকদের খামখেয়ালি ও ভগবৎ চন্দ্রশেখরের আবির্ভাব আর কখনো ভারতীয় দলে ঢুকতে দেয়নি তাঁকে। প্রথম শ্রেণিতে ১৯.৯৮ গড়ে ৫৯৯ উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে বমনকে।

রঞ্জিতে দুর্দান্ত খেলেও জাতীয় দলে জায়গা পাননি গোয়েল। ছবি: ইয়াহু
রঞ্জিতে দুর্দান্ত খেলেও জাতীয় দলে জায়গা পাননি গোয়েল। ছবি: ইয়াহু


২. রাজিন্দর গোয়েল (৫৮-৮৪)
‘ভারতীয় নির্বাচকদের চেয়ে একজন ডাকাত আমার মূল্য বুঝেছিল বেশি!’ কথাটি মজা করে বলেছিলেন গোয়েল। রঞ্জি ট্রফিতে ৬০০ উইকেট পাওয়ার পর তাঁকে জেলখানা থেকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছিলেন কুখ্যাত ডাকাত ভুরা সিং যাদব। গোয়েল কৌতুক করলেও প্রশ্ন জাগতেই পারে, ভারতীয় দলে ডাক পেতে ১৫৭ ম্যাচে ১৮.৫৮ গড়ে ৭৫০ উইকেট পাওয়ার চেয়ে আর বেশি কী করতে পারতেন এই বোলার? বেদির ভূয়সী প্রশংসা কিংবা সুনীল গাভাস্কারের ‘আইডলস’ বইয়ে জায়গা পাওয়াও তাঁর যোগ্যতার কথা জানিয়ে দেয়।

মুম্বাইয়ের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার পদ্মাকর। ছবি: ইয়াহু
মুম্বাইয়ের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার পদ্মাকর। ছবি: ইয়াহু


৩. পদ্মাকর শিভালকার (৬১-৮৭)
এই বাঁহাতি স্পিনারেরও টেস্ট খেলার সৌভাগ্য হয়নি। তবু গাভাস্কারের ‘আইডলস’ বইয়ে জায়গা পেয়েছেন তিনি। মুম্বাইয়ের সর্বকালের সফলতম স্পিনার এই শিভালকার। তাঁর ভুল ছিল, বড্ড ভুল সময়ে জন্ম নিয়েছিলেন তিনি। বেদি, প্রসন্ন, চন্দ্রশেখর ও ভেংকটরাঘবনদের যুগে টেস্ট ক্যাপ পরার সৌভাগ্য তাঁর হয়নি। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯.৬৯ গড়ে ৫৮৯ উইকেট কিংবা ১৩ বার ম্যাচে ১০ উইকেটে পাওয়ার রেকর্ড তাই শুধু প্রশ্নই জাগায়।

হরভজনের আবির্ভাবে মাত্র ১৫ ম্যাচেই থেমেছে যোশির টেস্ট ক্যারিয়ার। ছবি: ইয়াহু
হরভজনের আবির্ভাবে মাত্র ১৫ ম্যাচেই থেমেছে যোশির টেস্ট ক্যারিয়ার। ছবি: ইয়াহু


৪. সুনীল যোশি (৯২-২০১১)
বল যে খুব বেশি ঘোরাতেন তা নয়, কিন্তু লাইন লেংথে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিতেন। ওয়ানডেতে কিপটে বোলিংয়ের রেকর্ডেও নাম আছে তাঁর। কিন্তু টেস্টে কখনো ভারতীয় দলে জায়গা করতে পারেননি সেভাবে। অনিল কুম্বলের সঙ্গে যোশিকে মিলিয়ে একটা ‘কর্ণাটক-জুটি’ গড়ার আশায় ছিল সবাই। কিন্তু হরভজনের আবির্ভাব সেটা হতে দেয়নি। ১৫ ম্যাচে ৪১ উইকেটেই থেমে গেছে তাঁর টেস্ট ক্যারিয়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬০ ম্যাচে ৬১৫ উইকেটের দুর্দান্ত রেকর্ড শুধু হতাশাই বাড়িয়েছে যোশির।

মাত্র ৮ টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মুরালি কার্তিক। ছবি: ইয়াহু
মাত্র ৮ টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মুরালি কার্তিক। ছবি: ইয়াহু


৫. মুরালি কার্তিক (৯৬-২০১৪)
সহজ স্বাভাবিক অ্যাকশন, স্পিন, গতি ও লেংথের বৈচিত্র্য, অনায়াসে দীর্ঘ স্পেলে বোলিং করে যাওয়ার ক্ষমতা—টেস্টে ভালো করার সব উপাদানই ছিল তাঁর। কিন্তু হরভজন ও কুম্বলের উপস্থিতি ভারতীয় দলের দরজা বন্ধ করে দিয়েছিল। শুধু তৃতীয় বোলার হিসেবেই সুযোগ পেয়েছেন ৮ টেস্টে। এতে ২৪ উইকেট তাঁর যোগ্যতার পরিচয় দেয় না। বিশেষ করে কাউন্টি ক্রিকেটে তাঁর সাফল্য কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬.৭০ গড়ে ৬৪৪ উইকেটের সঙ্গে মাত্র ৮ টেস্টের পরিসংখ্যান একদমই যায় না। সূত্র: স্পোর্টস ক্রীড়া।