অন্য বাংলাদেশও দেখল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া মানেই শুধু ব্যাট-বলের প্রতিপক্ষ নয়। লড়াই করতে হয় দলটার পেশাদারি মনোভাব আর আগ্রাসী মানসিকতার সঙ্গেও। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট খেলার সুবাদে মুশফিকুর রহিমের এই দলটা সেই আক্রমণাত্মক অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো এবারই প্রথম।
কিন্তু মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াও কি দেখেনি বাংলাদেশের আগ্রাসী রূপ! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের কথায় অস্ট্রেলিয়াকে সেটাই দেখিয়ে দেওয়ার তৃপ্তি, ‘ওরাও বুঝেছে বাংলাদেশ কতটা আগ্রাসী হতে পারে। শুধু ব্যাট-বল নয়, আমাদের শারীরিক ভাষাতেও ওরা সেটা টের পেয়েছে।’
মাঠে অস্ট্রেলিয়ানরা কখনো কখনো কতটা পশ্চাৎপদ হয়েছেন, সেটার উদাহরণ দিয়েছেন মুশফিক, ‘আজ (গতকাল) যদি লক্ষ করে থাকেন দেখবেন, লাঞ্চের তখনো ছয় মিনিট বাকি ছিল। কিন্তু ম্যাক্সওয়েল প্রায় পাঁচ মিনিট সময় নিচ্ছিল, যেন ওই ওভারের পর আর কোনো ওভার না হয়। যেখানে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায়, সেখানে তারাই এমন ব্যাকফুটে চলে গেছে যে, চাচ্ছিল না আরেকটা ওভার খেলি। এটা তো অনেক বড় বার্তা।’
প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ধৈর্যচ্যুতি ঘটাতে ফিল্ডাররা এটা-ওটা বলেনই। অস্ট্রেলিয়ানদের সে কথাগুলো একটু বেশিই তির্যক হয়। মিরপুর টেস্টে তাঁরা ছাড় দেননি বাংলাদেশের টেলএন্ডারদেরও, ‘আমাদের টেলএন্ডার যারা ব্যাটিং করতে গেছে, তাদের উদ্দেশে পর্যন্ত ওরা কথা বলেছে। আমাদের জুনিয়রদেরও ওরা অনেক কথা বলেছে।’
সিনিয়রদের মধ্যে ওপেনার তামিম ইকবালের অভিজ্ঞতাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ, ‘দ্বিতীয় ইনিংসে যতক্ষণ উইকেটে ছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা আমাকে কিছু না কিছু বলে গেছে। আমি কান দিইনি। আমরা এসবের জন্য প্রস্তুত ছিলাম।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই ইনিংসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ওপেনারের ধারণা, ‘ওরা আগেই পরিকল্পনা করে নেয় কে কথা বলবে। একেক দিন একেক জনকে দিয়ে কথা বলায়।’
কথার লড়াইয়ে বাংলাদেশও চুপ থাকেনি। মুশফিকই বলছিলেন, ‘ওরা আমাদের জুনিয়রদের অনেক কথা বলেছে, যা আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা যে আগের জায়গায় নেই, সেটা ওরা হাড়ে হাড়ে টের পেয়েছে।’
কথার যুদ্ধেও যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারাতে পারেনি, সেটা বলেছেন সাকিব আল হাসানও, ‘ওরা যে রকম বলেছে, আমরাও কম বলিনি। মাঠে এগুলো হয়।’