অন্য বিপিএলও দেখছেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে শুয়ে থাকা মাশরাফির মতো তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও ‘শুয়ে’ আছে এবার বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে l প্রথম আলো
মাঠে শুয়ে থাকা মাশরাফির মতো তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও ‘শুয়ে’ আছে এবার বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে l প্রথম আলো

মাশরাফি বিন মুর্তজা কাল রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের সঙ্গে চট্টগ্রাম যাননি। এটুকু পড়ে এটা ভাবার কারণ নেই যে ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে ধুন্ধুমার লেগে গেছে তাঁর। অসুস্থ ছেলেকে ডাক্তার দেখাতেই রাতটা ঢাকায় থেকে গেছেন কুমিল্লার অধিনায়ক। মাশরাফি দলের সঙ্গে যোগ দেবেন আজ।

মাশরাফি টি-টোয়েন্টির ‘পোস্টার বয়’ নন। তবু বিপিএল মানে তিনিই সবচেয়ে উজ্জ্বল, বিপিএল মানেই চ্যাম্পিয়ন মাশরাফির উদ্বাহু উল্লাস। অথচ তিন বিপিএলে তিনবারের চ্যাম্পিয়ন সেই মাশরাফিকেই এবার দেখতে হচ্ছে বিপিএলের অন্য রূপ! চার ম্যাচের চারটিতে হেরে বর্তমান চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। খেলায় এ রকম হতেই পারে। কিন্তু প্রথম তিন আসরে দলকে শিরোপা এনে দিয়ে মাশরাফি এমনই এক কুহক তৈরি করেছেন যে তাঁর দলের টানা ব্যর্থতা মানেই বড় খবর। কৌতূহলেরও বিষয়। বিপিএলের প্রথম দুই আসরে না হয় শক্তিশালী ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক ছিলেন। গতবার তো তাঁর জাদুর হাতের স্পর্শে শিরোপা জিতে গেল সাদামাটা কুমিল্লা ভিক্টোরিয়ানসও! এবার তাহলে কেন পারছেন না মাশরাফি?

খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি মালিক—সবাই হন্যে হয়ে খুঁজছেন এসব প্রশ্নের উত্তর। কিন্তু সমস্যার সূত্র খুঁজে পাচ্ছেন না কেউ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামালকে কাল মুঠোফোনে দিশেহারা মনে হলো, ‘আমরাও বুঝতে পারছি না, কেন এ রকম হচ্ছে। আমরা তো জেতা খেলা হেরে যাচ্ছি!’

নাফিসা কামালের এই হাহাকার ছড়িয়ে গোটা দলের মধ্যেই। ইমরুল কায়েস বলছিলেন, ‘এত টাকা খরচ করে দল করার পরও যদি আমরা একটা ম্যাচ জিততে না পারি, ওনাদের তো খারাপ লাগবেই। চতুর্থ ম্যাচে হারার পর তাঁরা আমাদের বলেছেন, চাপ না নিয়ে আমরা যেন খেলাটা উপভোগ করি। কিন্তু জয় না পেলে সেটা কীভাবে সম্ভব?’

দলের সবার বিশ্বাস—একটা জয়ই বদলে দেবে দলের চেহারা। নির্মাণ করে দেবে মাশরাফির জাদুর মঞ্চ। কিন্তু কাঙ্ক্ষিত সে জয়টা আসবে কখন! কেন মাশরাফির নেতৃত্ব এখনো কোনো ঝলক দেখাতে পারল না? দলের খেলোয়াড়েরা অবশ্য ব্যর্থতায় অধিনায়কের ভূমিকা কমই দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন বললেন, ‘আমাদের একই রকম খেলোয়াড় দুই-তিনজন করে হয়ে গেছে। যে কারণে খেলোয়াড়দের মধ্যে সংশয় কাজ করে, পরের ম্যাচে আমি খেলব না ও খেলবে?’

ফ্র্যাঞ্চাইজির মালিকেরা অনেক টাকা খরচ করে দল বানান। সেই দলে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু গোল বাধে তখনই, যখন সে ইচ্ছায় ক্রিকেটীয় যুক্তির পরিবর্তে আবেগের আধিক্য থাকে। মালিকপক্ষের সঙ্গে কোচ-অধিনায়কের চিন্তা না মেলে। কুমিল্লা ভিক্টোরিয়ানসে এ রকম ঘটনা এবার শুরু থেকেই হচ্ছে বলে গুঞ্জন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরো স্বাধীন নন অধিনায়ক মাশরাফি।

মাশরাফির স্পর্শে সবই সোনা হয়ে যায়, বিপিএল এত দিন তা-ই দেখে এসেছে। এবার যে ব্যতিক্রম হচ্ছে, তার আরেকটা কারণ মনে করা হচ্ছে, দলে খুব বেশি খেলোয়াড় পরিবর্তনকেও। চার ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলে ফেলেছেন ১৯ ক্রিকেটার। দলের হয়ে সব কটি ম্যাচই খেলেছেন, এমন খেলোয়াড় মাত্র চারজন!

দল নির্বাচন নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মালিকপক্ষের মতপার্থক্যের সর্বশেষ উদাহরণ ঢাকা ডায়নামাইটসের সঙ্গে পরশুর ম্যাচ। সূত্র জানিয়েছে, ম্যাচের আগের রাত দুইটার দিকে মালিকপক্ষ একটি দল নির্বাচন করে অধিনায়কের কাছে পাঠায়। সে দলে ছিলেন না দুই বিদেশি সোহেল তানভীর ও মারলন স্যামুয়েলস এবং স্থানীয় লিটন কুমার দাস। অধিনায়ক শেষ পর্যন্ত তানভীরকে দলে নিতে পারলেও মাঠে নামতে হয়েছে স্যামুয়েলস, লিটনকে ছাড়াই। এই ম্যাচের একাদশ নিয়ে মতপার্থক্য এমনই চরমে পৌঁছেছিল যে মাশরাফি নাকি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ারও কথা বলেছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিকদের।

তবে কাল মুঠোফোনে এসব নিয়ে জানতে চাইলে ব্যর্থতার দায় দলের ওপরই টেনে নিয়েছেন মাশরাফি, ‘প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের ১৬১ রান আমরা তাড়া করতে পারিনি। অথচ ওটা ১৬০-১৭০ রানের উইকেটই ছিল। পরের ম্যাচে ১৪০ করলেই জিততে পারতম। আর খুলনার বিপক্ষে তো আমাদেরই জেতা উচিত ছিল। ১৪৪ এমন কোনো রান ছিল না।’

বিপিএল বলেই কি ‘চ্যাম্পিয়ন’ মাশরাফির মুখে কথাগুলো নতুন শোনাচ্ছে!