অপরাজেয় অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্টনি ওয়ালশের রেকর্ড কেড়ে নিলেন জেমস অ্যান্ডারসন। বোলিং রেকর্ড নয়, ইংল্যান্ডের পেসার ক্যারিবীয় কিংবদন্তিকে পেছনে ফেলেছেন ব্যাটিংয়ে। ওয়ালশের ব্যাটিং রেকর্ড শুনলেই টেস্টে সবচেয়ে বেশি শূন্যর কথা ভাববেন না। ৪৩ শূন্য নিয়ে আপাতত ধরাছোঁয়ার বাইরেই আছেন টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মালিক। অ্যান্ডারসন ওয়ালশকে পেছনে ফেলেছেন অপরাজিত থাকায়। পরশু লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। টেস্টে ১৭০ বার ব্যাটিং করে এই নিয়ে ৬২ বার অপরাজিত থাকলেন ২০০৩ সালে প্রথম টেস্ট খেলা অ্যান্ডারসন। ওয়ালশ ১৮৫ ইনিংসে অপরাজিত ছিলেন ৬১ বার। টেস্টে অপরাজিত থাকার এই রেকর্ডে শীর্ষ ছয়ের সবাই নির্ভেজাল বোলার। ২৮০ ইনিংসে ৪৯ বার অপরাজিত থেকে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল।