অপরাজেয়র কীর্তি হাতছানি দিচ্ছে কোহলির ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ অপরাজিত ভারত। ছবি: রয়টার্স
ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ অপরাজিত ভারত। ছবি: রয়টার্স

২০১২ সালের ৫ ডিসেম্বর। কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিল ভারত। সেটিই আপাতত শেষ। এরপর ঘরের মাঠে কোনো টেস্টেই হারের মুখ দেখতে হয়নি ভারতকে! 

গত টেস্টে বিশাখাপট্টনমে সেই ইংল্যান্ডকেই ২৪৬ রানে হারিয়ে দারুণ এক সাফল্যগাথা তৈরি করল বিরাট কোহলির ভারত। এখন পর্যন্ত ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ ধরে অপরাজিত তারা। ভারতের নিজেদের মাঠে অপরাজিত থাকার এটি দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য। টেস্টের এক নম্বর জায়গা ধীরে ধীরে পোক্ত করতে থাকা কোহলির দলের সামনে হাতছানি, সেরা কীর্তিটাও নিজের করে নেওয়ার। প্রায় সাড়ে তিন দশক আগে ঘরের মাঠে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল ভারতের টেস্ট দলটা।
১৯৭৭ থেকে ১৯৮০ সালের মধ্যে বিষেণ সিং বেদি, সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ—এই ত্রয়ীর অধিনায়কত্বে ঘরের মাঠে টানা ২০ টেস্টে অপরাজিত ছিল। টেস্টে ৮৪ বছরের পথচলায় ঘরের মাঠে সেরা সাফল্য তাদের সেটিই। তবে এর আগে আরও একবার ঘরের মাঠে টানা ১৬ টেস্টে অপরাজিত ছিল তারা। সেটিও অনেক আগের কীর্তি। সেই ১৯৬০ থেকে ১৯৬৪ সালের মধ্যে নরি কনট্রাকটর ও মনসুর আলী খান পতৌদির নেতৃত্বে ঘরের মাঠে অজেয় হয়ে উঠেছিল তারা।
২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নেতৃত্বে এই ১৬ টেস্টে অপরাজিত থাকাটা অন্যভাবে মহিমান্বিত। এর আগে ১৯৬০-৬৪ কিংবা ১৯৭৭-৮০ সময়ের মধ্যে টানা অপরাজিত থাকার রেকর্ডে জয়ের সংখ্যা ছিল বেশ কম। ধোনি-কোহলির নেতৃত্বে ঘরের মাঠে অপরাজিত ১৬ টেস্টের ১৩টিতেই জিতেছে ভারত।
১৯৬০-৬৪ সালে অপরাজিত ১৬ টেস্টে জয় ছিল মাত্র ২টি। ১৯৭৭-৮০ সময়ে ১৪ ড্রয়ের পাশাপাশি ভারত জিতেছিল ৬টিতে। ধোনি-কোহলির ভারত ২০১২-১৬ সালের মধ্যে ঘরের মাঠে ১৩টি টেস্ট জিতেছে, ড্র তিনটি। এই ভারত যে সত্যিই অন্য রকম। এই ভারতই পারলে পারবে টানা ২০ ম্যাচ অপরাজেয়র সেই রেকর্ড ভাঙতে!