অপরাধ স্বীকার করেছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তামিম
তামিম

আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ স্বীকার করে  এর জন্য যেকোনো শাস্তি মেনে নিতে রাজি বলে জানিয়েছেন কমিটিকে। সঙ্গে বলেছেন, এটা তিনি করেছেন আবেগতাড়িত হয়ে

৭২ ঘণ্টার ৪৮ ঘণ্টা শেষ। প্রিমিয়ার লিগের আবাহনী-প্রাইম দোলেশ্বর স্থগিত ম্যাচ নিয়ে আজকের মধ্যেই বিসিবির সভাপতির কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা সংশ্লিষ্ট কমিটির। তার আগে আজ বিকেলে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন কমিটির সদস্যরা। চূড়ান্ত করবেন ম্যাচের ভাগ্য এবং অভিযুক্ত ক্রিকেটারদের ব্যাপারে নিজেদের সুপারিশ।
দ্বিতীয় কাজটি কাল তাঁদের জন্য কিছুটা সহজ করে দিয়েছেন তামিম ইকবাল। বিকেএসপিতে ১২ জুনের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের অপরাধ কমিটির কাছে স্বীকার করেছেন আবাহনীর অধিনায়ক।
কাল দুপুরের পর বিসিবির কার্যালয়ে ঘণ্টা তিনেক ধরে ওই ম্যাচ-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন কমিটির তিন সদস্য—প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান, আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম ও বিসিবির সভাপতির উপদেষ্টা আতহার আলী খান। আরেক সদস্য বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না। ম্যাচের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ, ম্যাচ রেফারি মন্টু দত্ত এবং সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দার ছাড়াও কমিটির সদস্যরা কথা বলেছেন অসদাচরণের দায়ে অভিযুক্ত তামিমের সঙ্গে। আবাহনীর অধিনায়ককে দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণের ভিডিও ফুটেজও দেখানো হয় এ সময়।
দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির কাছে তামিমের বিরুদ্ধে কড়া নালিশ জানিয়েছেন বলে জানিয়েছে সূত্র। লিখিতভাবেও অভিযোগ করেছেন আম্পায়াররা। তামিমের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি-ধমকির অভিযোগ তাঁদের। ম্যাচ রেফারির প্রতিবেদনে জাতীয় দলের এই ওপেনারকে ২০ হাজার টাকা জরিমানা করারও সুপারিশ আছে। সূত্র জানিয়েছে, আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ স্বীকার করে তামিম এর জন্য যেকোনো শাস্তি মেনে নিতে রাজি বলে জানিয়েছেন কমিটিকে। সঙ্গে বলেছেন, এটা তিনি করেছেন আবেগতাড়িত হয়ে। এ নিয়ে পত্রপত্রিকায় দেওয়া নিজের বক্তব্যগুলোও তুলে ধরেছেন কমিটির সামনে। তবে আম্পায়ারদের গালাগাল দেওয়ার অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করেছেন জাতীয় দলের এই ওপেনার।
সবার সঙ্গে কথা বলার পর কমিটির সদস্য নাজমুল করিম সাংবাদিকদের বলেন, ‘এখনো কাজ শেষ হয়নি। কালকের (আজ) মধ্যেই আমরা প্রতিবেদন দিয়ে দেওয়ার চেষ্টা করব।’ সূচি অনুযায়ী আজই ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড। চ্যাম্পিয়নও ঠিক হয়ে যাওয়ার কথা আজই। কিন্তু এখন তা নির্ভর করছে অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর। আবাহনী-দোলেশ্বর ম্যাচের ফলাফল এখনো না হওয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে শিরোপা নিষ্পত্তিতে। বিশেষ করে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রাইম ব্যাংকের কাছে আবাহনী হেরে গেলে স্থগিত ম্যাচটির ওপর নির্ভর করবে অনেক কিছুই।
কিন্তু স্থগিত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত হতে হতে যদি আজকের দিনটিও চলে যায়, সেটি কি আবাহনীকে বাড়তি সুবিধা দেবে না? বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান নিশ্চয়তা দিলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিরপেক্ষ। আমরা সবাই নিরপেক্ষ। আমাদের সিদ্ধান্ত শিরোপা নির্ধারণে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে আমরা ভাবছি না। আগামীকালের (আজ) ম্যাচের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের কাজ করব এবং মতামত জানাব।’
সেই কাজ তাঁরা করবেন দুই ভাগে। প্রথমত স্থগিত ম্যাচের ভবিষ্যৎ কী হতে পারে, সেই সুপারিশ করবেন। এরপর জানাবেন আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত খেলোয়াড়দের শাস্তির সুপারিশ। বিসিবি কালকের শুনানিতে দোলেশ্বরের খেলোয়াড় নাসির হোসেনকে না ডাকলেও তামিমের সঙ্গে শাস্তি তাঁরও হতে পারে। তবে সেটা বড়জোর ‘ভৎসনা’তেই সীমাবদ্ধ থাকার কথা। জরিমানা হতে পারে শুধু তামিমের।
কমিটি মতামত দেবে আম্পায়ারদের ব্যাপারেও। কিন্তু সেটি প্রকাশ্যে আনা হবে না। নিয়ম অনুযায়ী কমিটির মতামতের ভিত্তিতে আম্পায়ারদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবির আম্পায়ার্স কমিটি।

আজকের খেলা
আবাহনী-প্রাইম ব্যাংক
সকাল ৯টা, মিরপুর
ভিক্টোরিয়া–মোহামেডান
সকাল ৯টা, ফতুল্লা
প্রাইম দোলেশ্বর–রূপগঞ্জ
৯টা, বিকেএসপি