অপূর্ণই থাকল সিরিজ জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানুশকা গুনাতিলকাকে ফিরিয়ে দিয়ে মিরাজের উল্লাস। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কাল ব্যাট হাতেও মিরাজ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি l এএফপি
দানুশকা গুনাতিলকাকে ফিরিয়ে দিয়ে মিরাজের উল্লাস। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কাল ব্যাট হাতেও মিরাজ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি l এএফপি

মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন যেন নুয়ান কুলাসেকারা। অভিজ্ঞ এই পেসারকে উড়িয়ে মারতে গিয়ে তাসকিন যখন ক্যাচ দিলেন ওয়াইড মিড অনে, তখনই থামল ভুভুজেলার অবিশ্রান্ত চিৎকার, ঢোল ও ঢাকের বিরতিহীন গর্জন। ম্যাচ কার্যত অনেক আগেই জিতে গিয়েছিল শ্রীলঙ্কা, শুধু আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষাতেই ছিল শ্রীলঙ্কার ক্রিকেট জনতা।

চট্টগ্রামের ইমার্জিং কাপে শ্রীলঙ্কার ছোটদের কাছে হার। খানিক পর কলম্বোয় শ্রীলঙ্কার বড় দলের কাছে শেষ ওয়ানডেতে হার। এমন একটি দিন কি চেয়েছিল বাংলাদেশ? এমন এক গ্রহণলাগা দিনেই কাল ওয়ানডে সিরিজ জয়ের রঙিন ইচ্ছেগুলো ডানা মেলল না কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। তা কোথায় হারিয়ে গেল সেই স্বপ্ন?

বাংলাদেশের বোলিং ও ব্যাটিংয়ের প্রথম ১০ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ১০ ওভারেই তুলে নেয় বিনা উইকেটে ৭৬ রান। আর বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০। এই ৩ উইকেট আবার পড়ে গেছে ৩.৩ ওভারের মধ্যেই, মাত্র ১১ রানে। দুই বল আগেই স্লিপে আউট হওয়ার একটা সুযোগ দিয়ে তামিম ইকবাল ইনিংসের ষষ্ঠ বলে নুয়ান কুলাসেকারাকে ফিরতি ক্যাচ দেন। এরপর ১৫ বলের মধ্যেই সাব্বির রহমান ও মুশফিকুর রহিমকে হারিয়ে বাংলাদেশের ধুঁকতে থাকা। সাব্বির ওই কুলাসেকারার বলে শ্রীলঙ্কার উইকেটকিপার দিনেশ চান্ডিমালকে ক্যাচিং অনুশীলনই করিয়ে ফিরেছেন শূন্য রানে। প্রথম বলে শূন্য রানে ফিরেছেন মুশফিকও, বোলার ছিলেন সুরঙ্গা লাকমল। ডিআরএস নিয়েও বাঁচতে পারেননি। ২০১১ সালে হল্যান্ডের বিপক্ষে প্রথম বলে শূন্যতে আউট হয়েছিলেন মুশফিক। সাত বছর পর আবার একই দুর্ভাগ্য হলো বাংলাদেশের টেস্ট অধিনায়কের। এই ওয়ানডে সিরিজটাই বাজে গেল তাঁর, দুই ম্যাচে রান করেছেন মাত্র ১টি।

মেঘ সরে গিয়ে কলম্বোর আকাশে গা পোড়ানো তীব্র রোদ। আর তার মধ্যে বাংলাদেশ যেন চলে গেল ডাম্বুলার প্রথম ম্যাচের ঠিক ১৮০ ডিগ্রি অবস্থানে। দিনটা শুরু হলো মাশরাফির দুটি ওয়াইড দিয়ে। ওটাই হয়তো নিঃশব্দে জানিয়ে দিয়েছিল, দিনটা বাংলাদেশের নয়। নয় বোলিংয়ে এবং পরে ব্যাটিংয়েও!

৩ উইকেটে ১১ রানে পরিণত হওয়া বাংলাদেশকে একটু আশার আলো দেখাচ্ছিলেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়েও ১১.৪ ওভারে এঁরা দুজন গড়লেন ম্যাচেরই সবচেয়ে বড় ৭৭ রানের জুটি। কিন্তু সেটি বড় হতে পারল না সৌম্য দিলরুয়ান পেরেরার বলে স্টাম্পড হয়ে ফেরায়। ক্লান্ত সাকিব তাঁর ৩৪তম ওয়ানডে ফিফটি করে দিলরুয়ান পেরেরাকে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ দানুশকা গুনাতিলকার হাতে। বাংলাদেশ ৬ উইকেটে ১১৮। এরপর আর কী বাকি থাকে? বাকি থাকে হারের জন্য ‘অপেক্ষা’। সেই অপেক্ষা বিলম্বিত হয়েছে নবম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমদের ৫৪ রানের জুটিতে। দ্বিতীয় ম্যাচেই মিরাজ পেয়েছেন তাঁর প্রথম ওয়ানডে ফিফটি। আর এটি দেখিয়ে দিয়েছে, মূল ব্যাটসম্যানরা প্রয়োগক্ষমতা দেখালে ২৮০ রান টপকে গন্তব্যে পৌঁছানোটাও অসাধ্য ছিল না।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলে গেলেন, উইকেটে ঘাস থাকায় টস জিতে ফিল্ডিং নেওয়াটা ছিল যথার্থই। শ্রীলঙ্কাকে ২৬০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু বাজে বোলিংই সেটি হতে দেয়নি। তবে বোলিং যেমন ভালো হয়নি, পাশাপাশি সত্যি এটাও—শ্রীলঙ্কার ছিল একজন থিসারা পেরেরা। যিনি ৪০ বলে ৫২ রানের এক ঝড়ে মাশরাফিদের পরিকল্পনা এলোমেলো করে দিয়েছেন। থিসারা পেরেরাই ম্যাচের সেরা। আর দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখানো কুশল মেন্ডিস হয়েছেন সিরিজসেরা। কালও মেন্ডিস করেছেন দারুণ একটি ফিফটি।

সমালোচনায় জর্জরিত হতে হতে, ভেতরে-ভেতরে রক্তাক্ত হতে হতে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াল শেষ ম্যাচে। দক্ষিণ আফ্রিকায় টানা ৫ ম্যাচ, সব মিলিয়ে ৬ ম্যাচ পর আবার জয়ের মুখ দেখল তারা। এই মাঠে ছয় বছর আগে সর্বশেষ ম্যাচটিতেও তারা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আবারও ওড়াল তারা জয়ের পতাকা। আর সেটি ব্যাটিং-বোলিং এবং বিশেষ করে ফিল্ডিংয়ে যেন পুরোনো দিনের ঝলক দেখিয়ে। আর শ্রীলঙ্কার কাছে এই পরাজয়ে টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজের ট্রফিটাও করতে হলো ভাগাভাগি। মাশরাফির দল এটি আসলে চায়নি!

জয়ের তীব্র আকাঙ্ক্ষাটা আচমকা চোট পেলে খারাপ লাগে। তবে তাজ সমুদ্র হোটেলের নিরিবিলিতে বসে বাংলাদেশ দল যদি পেছন ফিরে দেখে, তীব্র হতাশা তাদের গ্রাস করবে না। ১-১ অমীমাংসিত সিরিজে বাংলাদেশই তো ছিল ভালো দল। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা হেরেছে ৯০ রানে। মাঝখানের দ্বিতীয় ওয়ানডেটি কারোরই নয়, ওটা বৃষ্টির। শেষ ওয়ানডেতে ৭০ রানে হার বাংলাদেশের। অঙ্কটা তো সহজ ও সরল। আসলে কি তাই?

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮০/৯
বাংলাদেশ: ৪৪.৩ ওভারে ২১০
ফল: শ্রীলঙ্কা ৭০ রানে জয়ী