প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সেঞ্চুরির দেখা পেতে ১১ বছরের অপেক্ষা ঘুচল এলটন চিগুম্বুরার। ২০০৪ সালের মে মাসে ওয়ানডে অভিষিক্ত জিম্বাবুইয়ান অলরাউন্ডার অবশেষে তিন অঙ্কের দেখা পেলেন পাকিস্তান সফরের প্রথম ওয়ানডেতে। লাহোরের এই ম্যাচের আগে চিগুম্বুরা খেলে ফেলেছেন ১৭৪ ম্যাচের ১৬০ ইনিংস। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির আগে সবচেয়ে বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় চিগুম্বুরার ওপরে আছেন মাত্র দুজন—শন পোলক ও স্টিভ ওয়াহ। দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক পোলক ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছিলেন ১৯০তম ইনিংসে। ২০০৭ সালে এশিয়া একাদশের বিপক্ষে ওই ম্যাচটা পোলক খেলেছিলেন আফ্রিকা একাদশের হয়ে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ প্রথম ওয়ানডে সেঞ্চুরি পান ১৬৬তম ইনিংসে।