অপেক্ষা আরেকটি ধবলধোলাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজা বারবার বললেন, তাঁদের দৃষ্টি এখন শুধুই আজকের ম্যাচটির দিকে। একটা একটা করে চারটি ম্যাচ জিতে আজ সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। তাই বলে শুধুই এই ম্যাচ?
প্রশ্নটা উঠছে, কারণ সিরিজের প্রথম চার ম্যাচেই পরাজিত জিম্বাবুয়েকে এখন আর ঠিক বাংলাদেশের যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে না। এই ম্যাচের আগের দুটি দিন বাংলাদেশ দল যেমন নির্ভার কাটাল, তাতেও বিষয়টা পরিষ্কার। পরশু ছুটি ছিল। কাল বিকেলে অনুশীলন করলেও তাও হলো ছুটির আমেজে। বেশির ভাগ ক্রিকেটারই মাঠে এসে শুধু ফুটবল খেললেন। নেট প্র্যাকটিসে গেলেন হাতে গোনা দু-একজন।
তাই বলে এটা ভাববেন না যে শেষ ম্যাচে এসে আত্মতৃপ্তিতে ডুবে যাচ্ছে বাংলাদেশ দল। ৪-০-তে পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে শেষ ম্যাচে যতটুকু সিরিয়াস থাকার কথা, ততটুকু তারা আছে। কাল অনুশীলনে নামার আগে এই ম্যাচ নিয়ে ড্রেসিংরুমে মোটামুটি লম্বা টিম মিটিংই হলো। তা ছাড়া অধিনায়ক মাশরাফি যে ১০ দিনের মধ্যে আজ পঞ্চম ওয়ানডে খেলতে নামছেন, তাতেও বোঝা যায় জিম্বাবুয়েকে তারা অতটা হালকাভাবে নিচ্ছে না। নইলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর চোটপ্রবণতার কথা মাথায় রেখে এ ম্যাচে মাশরাফি বিশ্রাম নিতেই পারতেন। তা তিনি নিচ্ছেন না। দলে অবশ্য তার পরও দুটি পরিবর্তনের জোর সম্ভাবনা। শেষ ম্যাচের জন্য স্কোয়াডে আসা সৌম্য সরকার আজ খেলবেন। তাঁকে জায়গা দিতে দলের বাইরে থাকতে পারেন ইমরুল কায়েস। এ ছাড়া উইকেট বুঝে তাইজুল ইসলামও আসতে পারেন একাদশে। সে ক্ষেত্রে বাইরে চলে যাবেন পেসার রুবেল হোসেন।
আত্মতৃপ্তিকে প্রশ্রয় না দেওয়ার কারণও আছে। ৪-০-তে এগিয়ে গেলেও চার ম্যাচেই যে দল সবকিছু ঠিকঠাকভাবে করতে পেরেছে, তা নয়।
কখনো ব্যাটিং বিপর্যয়, কখনো নতুন বলে বোলারদের ব্যর্থতা, কখনো বা বাজে ফিল্ডিং হয়েছে। শেষ ম্যাচে এসব ভুল শুধরে সব ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স চান মাশরাফি, ‘আমরা হয়তো ধারাবাহিকভাবে জিততে পেরেছি। কিন্তু আমরা সব সময় সবকিছুতে ধারাবাহিক থাকতে পারিনি। এসব জায়গায় অবশ্যই উন্নতি করতে হবে।’ আর ৫-০-র ক্ষুধা তো আছেই। ওয়ানডেতে বাংলাদেশ দল এখন পর্যন্ত প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে ৯ বার। এর মধ্যে ৫ ম্যাচের সিরিজে ৫-০-তে জিতেছে একবারই—২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। আট বছর আগের সেই স্বাদ আজ নতুন করে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল। মাশরাফি নিজেও বলছিলেন, ‘সত্যি বলতে কি ৫-০-তে জেতার তাড়নাটা এখন আমিও অনুভব করছি। আমাদের এই একটা ম্যাচই আছে, এটা জিততে পারলে ৫-০ হবে। এটা খুব ভালো হবে।’
দ্বিতীয় ওয়ানডের পর সব ম্যাচেই কোনো না কোনো পরিবর্তনে অবশ্য এটাও পরিষ্কার যে, বাংলাদেশের চিন্তাভাবনা শুধুই জিম্বাবুয়ে সিরিজে সীমাবদ্ধ নেই। সত্যি বলতে কি, সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর চিন্তার পরিধিটা বিস্তৃত হয়েছে বিশ্বকাপ পর্যন্ত। প্রতিটি ম্যাচেই এক-দুজন করে খেলোয়াড় বদল সে কারণেই। বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সামর্থ্য প্রমাণের সুযোগ দিতে চায় নির্বাচক কমিটি। কিন্তু তাতে বাদ পড়া ক্রিকেটারটির সঙ্গে অবিচার করা হচ্ছে না তো? কাল সে রকমই এক প্রশ্নের ব্যাখ্যা দিলেন মাশরাফি, ‘একজন খেলোয়াড় এক ম্যাচে খারাপ করা মানে এই নয় যে, তাকে ছুড়ে ফেলা হচ্ছে। বা এক ম্যাচ ভালো করলেই এমন না যে তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে। সিরিজটা খুব ছোট, পাঁচ ম্যাচের। আমার মনে হয়, বিশ্বকাপের আগে সবাইকে একটু দেখা হচ্ছে। আবার এটাও ঠিক, একটা ম্যাচ একজন খেলোয়াড়ের জন্য যথেষ্ট নয়।’ এও জানিয়ে দিলেন, যাঁকেই দল থেকে বাদ দেওয়া হচ্ছে তাঁকে বাদ পড়ার কারণটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। কাজেই যাঁরা বাদ পড়ছেন, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই।
সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য যেন বিশ্বকাপের পরীক্ষা-নিরীক্ষার গিনিপিগ। তবে এই পরীক্ষা-নিরীক্ষাতেও সাফল্যই কাঙ্ক্ষিত সবার কাছে। বিশ্বকাপের আগে আরেকটি ধবলধোলাই যে বাড়তি সঞ্জীবনী ঢালবে দলের আত্মবিশ্বাসে।