অপেক্ষা ফুরোচ্ছে পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের পরপরই জানা গিয়েছিল, জিম্বাবুয়ে যাচ্ছে পাকিস্তান সফরে। কিন্তু কদিন ধরে এ সফরটির সম্ভাবনা যেমন ‘ইঁদুর-বিড়াল’ খেলা চালিয়ে গেল সংবাদমাধ্যমের সঙ্গে, তাতে মনে হয়েছিল এটাও বুঝি গেল! মস্তিষ্ক আর মন তো সব সময় একই সরলরেখায় চলে না। কে হায়, জেনেবুঝেও জীবনমৃত্যুকে পায়ের ভৃত্য ঠাওরে ভাবনাহীন চিত্তে একটা বিপৎসংকুল দেশে ক্রিকেট খেলতে যাবে?
তাই জিম্বাবুয়ে ক্রিকেট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এ সফরটি নিয়ে ‘হবে, হবে না কিংবা বাতিল, বাতিল নয়’—এ রকম একটা নাটক চলতে লাগল তিন দিন ধরে। অবশেষে সব সংশয় চুকিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট পাকিস্তানে দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। জিম্বাবুয়ে সরকার তাদের ক্রিকেটারদের নিরাপত্তার গ্যারান্টি দেয়নি। নিজেদের জীবনের দায় নিজেদের হাতে নিয়েই জিম্বাবুয়ে ক্রিকেটাররা যাচ্ছেন পাকিস্তানে। ‘কিছু ঘটলে দায় আমাদের’—সরকারের কাছে এই মর্মে মুচলেকা দিয়ে তবেই মিলেছে পাকিস্তান সফরের সবুজসংকেত।
আগামী শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যখন প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে, পেছনে থাকবে ২০০৯ সালের এক সকালের ভয়ংকর স্মৃতি। হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তায় ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের মেশিনগানের গুলি ও রকেটনিয়ন্ত্রিত গ্রেনেড আঘাত হানল শ্রীলঙ্কার টিম বাসে। সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জীবন দিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী, আহত হলেন কয়েকজন শ্রীলঙ্কান খেলোয়াড়ও। এ ঘটনার পর থেকেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে।
সংযুক্ত আরব আমিরাতকে ‘ঘর’ বানিয়ে হোম সিরিজ খেলতে হয়েছে। ঘরের মাঠে না খেলতে পারার যন্ত্রণায় পুড়তে হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। হতাশ দর্শকেরা নিজেদের মাঠে ক্রিকেট দেখার আনন্দবঞ্চিত হয়েছে ছয়টি বছর। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক হারিয়ে যাওয়া এই দিনগুলোকে ভুলতে পারেন না, ‘গত ছয়টি বছর ছিল অসহ্য যন্ত্রণার। আমাদের মাঠগুলো বিরান পড়ে ছিল, সমর্থকেরা বঞ্চিত, আমাদের নতুন প্রজন্মের খেলোয়াড়েরা নিজেদের কন্ডিশনে খেলতে পারেনি নিজেদের দর্শকের সামনে।’ মাঠের ক্রিকেটের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণ। শুধু টিভি স্বত্ব থেকেই ১২ কোটি মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে।
জিম্বাবুয়ে ক্রিকেট দলকে তাই হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়েই স্বাগত জানাবে পাকিস্তান দল। জিম্বাবুইয়ানরা যে ইতিহাসের নতুন এক দিকচিহ্ন এঁকে দিতে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটে। তবে তাঁদের আনতেও মরিয়া পাকিস্তানকে কম কাঠখড় পোড়াতে হয়নি। আইসিসি আম্পায়ার দিচ্ছে না, ১০ লাখ ডলার দিতে হচ্ছে জিম্বাবুয়েকে। এই খরচ পুষিয়ে নেওয়ার মতো স্পনসরশিপ ও গেট মানি কিন্তু পাবে না পিসিবি। জিম্বাবুয়ে দলকে নিরাপত্তাও দিতে হবে রাজসিক পর্যায়ে। তিন হাজার পুলিশ থাকবে সার্বক্ষণিক দায়িত্বে, হোটেল থেকে গাদ্দাফি স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে আকাশে থাকবে সামরিক হেলিকপ্টারের নজরদারি।
সব অনিশ্চয়তা পেছনে ফেলে কাল হারারে থেকে পাকিস্তানে রওনা হয়েছে জিম্বাবুয়ে দল। উল্লসিত আন্তর্জাতিক ক্রিকেট-বুভুক্ষু পাকিস্তান। কিন্তু এই সফর দিয়ে পাকিস্তান কি প্রমাণ করতে পারবে, তাদের দেশ আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নিরাপদ ভূমি? পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জটাই সামনে। সে দেশের নামী ক্রিকেট লিখিয়ে ওসমান সামিউদ্দিন যেমন লিখেছেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট থামিয়ে দিয়েছিল একটি মাত্র হামলা, কিন্তু সেটিকে পুরোপুরি ফিরিয়ে আনতে হয়তো লাগবে এ রকম বেশ কয়েকটি হামলাবিহীন সফর।’ তথ্যসূত্র : এএফপি।
পাকিস্তানে জিম্বাবুয়ের সফর
২২ মে ১ম টি-টোয়েন্টি ম্যাচ
২৪ মে ২য় টি-টোয়েন্টি ম্যাচ
২৬ মে ১ম ওয়ানডে
২৯ মে ২য় ওয়ানডে
৩১ মে ৩য় ওয়ানডে