অপেক্ষা শেষ দিনের নাটকীয়তার

চতুর্থ দিনে বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দিয়ে বেশ উজ্জীবিত হয়েছিল ইংল্যান্ড। বড় লিড নেওয়ার সম্ভাবনাও জেগেছিল তাতে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ৭০ রানের ইনিংসটি তাদের বড় লিড নিতে দেয়নি। ইংল্যান্ড পায় ৪৯ রানের লিড। এমন একটা জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে একটা বিপর্যয়ই হারের মুখে ঠেলে দিতে পারত ইংলিশদের। কিন্তু অ্যালিস্টার কুক ও তরুণ অভিষিক্ত হাসিব হামিদ এনে দিয়েছেন দুর্দান্ত সূচনা। দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন দুই ওপেনার। ইংল্যান্ড মোট ১৬৩ রানে এগিয়ে থেকে বেশ স্বস্তি নিয়েই কাল শেষদিনে নামবে মাঠে।
রাহানে আর কোহলি দুজনেই দারুণ ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর গড়ার সুযোগ হারিয়েছেন। রাহানেকে বোল্ড করেছেন বাঁহাতি স্পিনার জাফর আনসারি। কোহলি হয়েছেন হিট উইকেট। আদিল রশিদের একটি বল পুল করে রানও নিয়েছিলেন ভারত অধিনায়ক, কিন্তু তাঁর বাঁ পা লাগে স্টাম্পে। ২২ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট হয়েছেন কোহলি। ২০০২ সালে ভিভিএস লক্ষ্মণের পর এই প্রথম, অধিনায়ক হিসেবে দ্বিতীয়। ৪০ রানে কোহলি ফেরার পর ঋদ্ধিমান সাহা ও অশ্বিন মিলে বিপর্যয়টা ঠেকিয়েছেন। কোহলি যখন আউট হন, ইংল্যান্ডের চেয়ে তখনো ১৭৬ রানে পিছিয়ে ছিল ভারত। বেশ বড়সড় লিড নেওয়ারই সম্ভাবনা জাগে তখন ইংল্যান্ডের। কিন্তু অশ্বিন ও ঋদ্ধিমান সেটি হতে দেননি। এঁদের ৬৪ রানের দিকে ভারতই বরং লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অশ্বিনকে। তবে শেষ ব্যাটসম্যান হিসেবে অশ্বিনই আউট হন, ৪৮৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ড পায় ৪৯ রানের লিড।
ইংল্যান্ডের পক্ষে ১১৪ রানে ৪ উইকেট পেয়েছেন আদিল রশিদ। ২টি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও জাফর আনসারি। বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ১টি করে।
দ্বিতীয় ইনিংসে উজ্জ্বল ইংল্যান্ডের ‘ভারতীয় বংশোদ্ভূত’ হাসিব হামিদ। ৬৩ রানে অপরাজিত আছেন ১৯ বছর বয়সী ডানহাতি ওপেনার, অ্যালিস্টার কুক অপরাজিত ৪৬ রানে। দারুণ এই ফিফটিতে ডেনিস কম্পটন ও ক্রিস ক্রফোর্ডের পাশে নিজেকে নিয়ে গেলেন হামিদ। তাঁর আগে কম্পটন (১৯৩৭) ও ক্রফোর্ডই (১৯০৬) নিজেদের বয়স ২০ হওয়ার আগে টেস্টে ফিফটি পেয়েছিলেন। এই ইংলিশ ক্লাবের তৃতীয় সদস্য হামিদ। সূত্র: স্টার স্পোর্টস ২