অপেক্ষার অবসান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই অপেক্ষা ফুরাবে পাকিস্তানের। অপেক্ষাটা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের খেলা দেখার। সেই ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই এই আনন্দ থেকে বঞ্চিত পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা। মাঝে ২০১৫ সালে অবশ্য একবার জিম্বাবুয়ে পাকিস্তানে গিয়ে খেলে এসেছে। তবে জিম্বাবুয়ে তো জিম্বাবুয়েই, ওই দলে আর তারকা কোথায়!

পাকিস্তানিদের অপেক্ষার প্রহর ফুরাবে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি পাকিস্তান ও বিশ্ব একাদশ। দুবাইয়ে অনুশীলন শেষে পরশু রাতেই বিশ্ব একাদশের খেলোয়াড়েরা লাহোরে পা রেখেছেন।

বিমান থেকে নেমেই অবশ্য নিরাপত্তার ঘেরাটোপে বন্দী হয়েছেন তামিম-ডু প্লেসিরা। তাঁদের দেওয়া হচ্ছে সফরকারী রাষ্ট্রপ্রধানদের মতো নিরাপত্তা। উপায়ও তো নেই। এই নিরাপত্তাশঙ্কাতেই তো পাকিস্তান থেকে নির্বাসনে গেছে আন্তর্জাতিক ক্রিকেট, আরব আমিরাতের মাঠকে ঘরের মাঠ বানাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

নিরাপত্তার ঘেরাটোপে বন্দী হয়েও অবশ্য মন খারাপ নেই ডু প্লেসিদের। বিশ্ব একাদশের অধিনায়ক কাল লাহোরে তাঁর রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন এভাবে, ‘গত ২৪ ঘণ্টা বেশ রোমাঞ্চকর ছিল। গত রাতে (পরশু) যা হলো তার সঙ্গে আমরা খেলোয়াড়েরা তো পরিচিত নই। ব্যক্তিগত বিমানে চড়া, বিমান থেকে ব্যক্তিগত গাড়িতে করে বের হওয়া। আমাদের মনে হচ্ছে, আমরা যেন কোনো সিনেমার অংশ।’

বিশ্ব একাদশের এই সফরকে বিশ্ব ক্রিকেটের জন্য ‘বড় এক পালাবদল’ হিসেবেই দেখছেন ফাফ ডু প্লেসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসিও কি তেমনটা ভাবছে না? আইসিসি তিনটি ম্যাচকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে। পাকিস্তানিদের তো বটেই, বিশ্ব একাদশের খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানেও যোগ হবে এই তিন ম্যাচের হিসাব। ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও ওলট-পালট হতে পারে সিরিজের পারফরম্যান্সে। সিরিজটা তাই এখন আর প্রদর্শনী ক্রিকেটের গণ্ডিতে আটকে নেই। পাকিস্তানের এই দলের বেশির ভাগ ক্রিকেটার এই প্রথম ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের চেনানোর সুযোগ পাচ্ছেন। সবচেয়ে বড় সুযোগ পিসিবির। সফল আয়োজন করে বিশ্বকে জানিয়ে দেওয়া যে পাকিস্তান এখন আর ক্রিকেট আয়োজনে অনিরাপদ নয়। এএফপি, ক্রিকইনফো।

সিরিজ সূচি

১২ সেপ্টেম্বর    ১ম টি-টোয়েন্টি

১৩ সেপ্টেম্বর    ২য় টি-টোয়েন্টি

১৫ সেপ্টেম্বর    ২য় টি-টোয়েন্টি

* সব ম্যাচ লাহোরে বাংলাদেশ সময় রাত ৮টায়