অপেক্ষার সেই টেস্ট ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আলোচিত ভারত সফরটা হতে পারে আগামী বছরের প্রথমার্ধে—ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন ইঙ্গিত দিয়েছিল গত জুনেই। কাল ভারত জানিয়ে দিয়েছে সফরের সূচিও। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ভারতের একমাত্র টেস্টটি।

ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বারবার পিছিয়ে যাওয়া টেস্টটির তারিখ নির্ধারিত হওয়ায় খুশি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, ‘একটি শীর্ষ টেস্ট খেলুড়ে দল হিসেবে আমাদের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়া। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী বছরের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি আয়োজন করা হবে। আমাদের ২০১৬-১৭ ঘরোয়া মৌসুমে এটা হবে দারুণ এক সংযোজন।’

২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। এরপর ভারত বাংলাদেশে এসে চারটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেলেও বাংলাদেশ কখনো ভারতে আমন্ত্রিত হয়নি। দীর্ঘ এ অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল এই মাসেই। কিন্তু অন্য দেশের সঙ্গে সূচি নিয়ে জটিলতার কারণ দেখিয়ে সেটি পিছিয়ে দেয় ভারত।

বিসিসিআই টেস্টের তারিখ ঘোষণা করায় কাল ‘স্বস্তি’ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান, ‘এটা বিরাট স্বস্তি। আমাদের ক্রিকেটের উন্নতির জন্য এটা যে বিরাট কিছু, তা নয়। তবে এটা বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সফরটা আরও আগেই হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়ায় আমরা একটু ভয় পেয়েছিলাম। অবশেষে তারিখ প্রকাশ করা হয়েছে দেখে আমরা খুশি।’