অপেক্ষায় আছেন মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুল হক l প্রথম আলো
মুমিনুল হক l প্রথম আলো

বিশ্বকাপে কোথায় ছিলেন এই মুমিনুল!
পরশু বিসিএল ওয়ানডের ফাইনালে মুমিনুল হকের ব্যাটিং দেখে অস্ফুট স্বরে কথাটা বেরিয়ে এল এক সাংবাদিকের মুখ থেকে। বিসিএলে ভালো খেলতে পারলে বিশ্বকাপে কেন পারলেন না, এই প্রশ্ন তোলাটা একটু বাড়াবাড়িই। কিন্তু ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল অধিনায়ক মুমিনুলের ১০ বাউন্ডারিতে সাজানো ৭৮ রানের ইনিংসটা এতই নিখুঁত ছিল যে মনেই হয়নি মাত্র কদিন আগেও রানের জন্য ধুঁকতে হয়েছে তাঁকে।
ব্যাটসম্যানদের ক্ষেত্রে সব সময়ই একটা কথা বলা হয়, রান সেটা যেখানেই করা হোক না কেন তা আত্মবিশ্বাস বাড়াবেই। বিসিএল ওয়ানডের ফাইনালের পারফরম্যান্সও নিশ্চয়ই কিছুটা হলেও ভোলাতে পেরেছে মুমিনুলের বিশ্বকাপ হতাশা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে কাল তিনি নিজেও বললেন, ‘টুর্নামেন্টটা খুব ভালো ছিল। তার মধ্যে ওটা ছিল ফাইনাল ম্যাচ। ভালো ইনিংস সব সময়ই আত্মবিশ্বাস জোগায়। আমার জন্য এই মুহূর্তে আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ও রকম একটা ইনিংস খেলায় আত্মবিশ্বাসটা বেড়েছে।’
মুমিনুলকে ছাড়া বাংলাদেশের টেস্ট দল এখন কল্পনাই করা যায় না। অথচ সেই মুমিনুলই ওয়ানডেতে দিনে দিনে হয়ে পড়ছেন অপাঙ্ক্তেয়! বিশ্বকাপে দুই ম্যাচ খেলে করেছেন ৩ আর ১। গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফিফটির পর সর্বশেষ আট ম্যাচে রান মাত্র ৯৫। নিজের এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন মুমিনুলই। এটাও মানেন, ওয়ানডে দলে তাঁর নড়বড়ে অবস্থান ওই বাজে ফর্মের কারণেই, ‘কেউ ভালো খেললে সবাই তাকে ভালো বলবে। আর খারাপ খেললে অনেক কথাই হবে। ভালো খেললে আপনি দলে স্থায়ী হবেন। ভালো খেলতে না পারলে সেটা কঠিন হয়ে যায়।’
অবশ্য মুমিনুল বিশ্বাস রাখছেন, দুঃসময় কাটিয়ে উঠবেন অচিরেই। পাখির চোখ করছেন ১৭ এপ্রিল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকেই, ‘সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। আমি যদি একটু পরিশ্রম করি, সীমাবদ্ধতাগুলো নিয়ে কাজ করি, তাহলে হয়তো ভালো খেলতে পারব।’ নিজের ব্যর্থতার পেছনে কৌশলগত সমস্যাকেই বড় করে দেখছেন। আর সে জন্য ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছেন এর মধ্যেই। তবে সংগত কারণেই বলতে চাইলেন না বিস্তারিত, ‘সমস্যাগুলো নিয়ে বিস্তারিত বলতে চাই না। নিজের পরিকল্পনার কথা না বলাই ভালো। সমস্যাগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করছি, কোচও কিছু নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ যখন আমি ব্যাটিংয়ে উন্নতি করব, তখন আপনারাই বুঝতে পারবেন।’
সবাই এখন সেই বদলে যাওয়া মুমিনুলকে দেখার অপেক্ষাতেই আছেন।