
পঞ্জিকার পাতায় বাকি আর মাত্র ১২ দিন। কিন্তু সাকিব আল হাসানের কাছে এই সময়টুকুই মনে হতে পারে অনন্তকাল। কবে আসবে ২৬ আগস্ট? সেদিনের বোর্ড সভাতেই হয়তো নতুন করে সিদ্ধান্ত হবে নিষিদ্ধ সাকিবের ব্যাপারে।
এমনিতেই একেকটি দিন তাঁর কাছে বছরের সমান লম্বা। অন্যরা যখন স্ট্রেচিং করছে মাঠে, তিনি তখন একা একা জিমে। সেন্টার উইকেটে যখন চলছে ব্যাটিং-বোলিং অনুশীলন, তিনি হয়তো তখন ইনডোরে। মাঠে যখন সবাই গোল হয়ে শুনছে কোচের কথা, পাশ দিয়ে নিজের কিটব্যাগ টানতে টানতে এগিয়ে চলেছেন তিনি। অনুশীলন শেষে বাকিরা যখন ড্রেসিংরুমে, তিনি তখন হয়তো ঘোরাঘুরি করছেন ক্রিকেট বোর্ডের বারান্দায় কিংবা আড্ডা দিচ্ছেন কোনো রুমে। দুভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলল দল, বোর্ডের এক কক্ষে বসে অনেকক্ষণ সেই ম্যাচ দেখলেন তিনি। একই মাঠে অনুশীলন করেও তিনি ‘একসঙ্গে’ নন। পাশাপাশি থেকেও পাশে নন। দলের কাছে, কিন্তু মাঝে নন! সাকিব আল হাসান এখন নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে কুলুপ এঁটেছেন মুখে। কুলুপ মানে কথা একদম বন্ধ হয়নি। বরং যেকোনো আড্ডায় আগের চেয়েও অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অন্য যেকোনো ব্যাপারে প্রাণখোলা। মুখেও হাসি লেগে আছে। কিন্তু নিষেধাজ্ঞা বা ‘নিষিদ্ধ জীবন’ নিয়ে টুঁ শব্দটি নেই। তাঁর একটা প্রতিক্রিয়া, একটু কথা, অনুভূতির খানিকটা শোনার জন্য সংবাদকর্মীদের চেষ্টার অন্ত নেই। নানাভাবে রাজি করানোর চেষ্টা চলেছে। কিন্তু ন্যূনতম ঝুঁকিটিও নিতে চাননি সাকিব। নিষিদ্ধ জীবনের সাকিবকে তাই শুধু দেখাই গেছে, জানা যায়নি। ভেতরটা হয়তো পড়তে পেরেছেন কেউ কেউ, কিন্তু কেউ শুনতে পারেননি তাঁর মুখ থেকে। কষ্ট অবশ্যই আছে, হয়তো ক্ষোভও। আপাতত সব চাপা হাসির আড়ালে।
অবশেষে কাল এল সংবাদকর্মীদের সেই কাঙ্ক্ষিত দিন। পত্রিকায় লেখার জন্য আর টিভিতে দেখানোর জন্য কথা বলতে রাজি হলেন সাকিব। তবে শর্ত, প্রসঙ্গ থাকতে হবে শুধুই ওয়েস্ট ইন্ডিজ। কালকের দিনে সেটাই-বা কম কী! মুশফিক-তামিমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার আগে শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত, সাকিব তখন একাকী অনুশীলন শেষে অলস সময় কাটাচ্ছেন ক্রিকেট বোর্ডে। সময়ের প্রতীকী চিত্র এর চেয়ে আদর্শ আর কী হতে পারে!
সাকিবের ওয়েস্ট ইন্ডিজ স্মৃতি আর ভাবনা নিয়েও তো ক্রিকেটীয় মহাকাব্য লেখা যায়। তাঁর ক্যারিয়ার নতুন উচ্চতায় ওঠা শুরু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার ডেপুটি হিসেবে। সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টের তৃতীয় দিন সকালেই পুরোনো শত্রু চোটের নতুন ছোবল ছিটকে দিয়েছিল মাশরাফিকে। সহকারী থেকে আচমকাই মূল দায়িত্ব পেয়ে সাকিব যেন আরও উদ্ভাসিত। রেকর্ড বইয়ে লেখা আছে দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক মাশরাফি। আদতে সেন্ট ভিনসেন্টের ওই জয়ে বেশির ভাগ জুড়ে নেতৃত্ব দিয়েছিলেন সাকিবই। পরের টেস্টে তিনিই টস করা অধিনায়ক। এবং পারফরম্যান্সে আরও উজ্জ্বল। ধবলধোলাইয়ে নেতৃত্ব দিলেন সামনে থেকেই। গ্রেনাডা টেস্টে ম্যান অব দ্য ম্যাচ, সঙ্গে ম্যান অব দ্য সিরিজও। ওয়ানডে সিরিজেও তিনি ধবলধোলাই করা অধিনায়ক। যথারীতি সিরিজ-সেরাও। নেতৃত্ব, নিজের পারফরম্যান্স সব মিলিয়ে নতুন মোড়ে ক্যারিয়ার। গত বছর ওই ক্যারিবিয়ানেই প্রথম সিপিএল খেলতে গিয়ে এক ম্যাচে নিলেন ৬ রানে ৬ উইকেট! এবার সেই সিপিএল খেলতে গিয়েই এখনকার বিপত্তির শুরু। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে তাই সাকিবের কথা ফুরোনোর কথা নয়।
কথা অনেক বললেনও কাল। ২০০৯ সিরিজ প্রসঙ্গে খুলে দিলেন স্মৃতির ঝাঁপি। বললেন এবারের সফর আর নিজের দর্শক হওয়া নিয়েও। তাঁর কথা রেকর্ড হলো, ক্যামেরায় ধারণ হলো। কিন্তু হায়, সেসব জানবে না কোনো পাঠক, দেখবে না কোনো দর্শক! সংবাদকর্মীদের বারংবার অনুরোধে সাকিব কথা বলেছিলেন বটে, কিন্তু বিসিবির মিডিয়া বিভাগ থেকে মনে করিয়ে দেওয়া হলো সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি নেই সাকিবের। জানিয়ে দেওয়া হলো, বিতর্কবিহীন, ওসব নির্দোষ কথা প্রচার হলেও বিপদ বাড়তে পারে সাকিবের। সংবাদকর্মীরা তাই সিদ্ধান্ত নিলেন প্রচার না করতে। পরিস্থিতি বুঝতে পেরে সাকিব নিজেও একই অনুরোধ করলেন। সাকিবের ওয়েস্ট ইন্ডিজ ভাবনা তাই বন্দী হয়ে থাকল রেকর্ডার আর ক্যামেরাতেই।
আসছে ২৬ আগস্ট বোর্ড সভায় সিদ্ধান্ত হবে সাকিবের ব্যাপারে। নিষেধাজ্ঞা কমানো হবে বলে জোর গুঞ্জন। ঢাকা প্রিমিয়ার লিগ ও অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজে খেলার সম্ভাবনাও প্রবল। কিন্তু কালকের ওই ঘটনাই বুঝিয়ে দিল এখনকার সাকিবকে। সাকিব বন্দী, নিষিদ্ধ!