অফ কাম লেগ স্পিনার অশ্বিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফ স্পিন না লেগ স্পিন কোনটি করবেন অশ্বিন?
অফ স্পিন না লেগ স্পিন কোনটি করবেন অশ্বিন?

অস্ট্রেলিয়া সিরিজে দু-একবার দেখা গিয়েছিল দৃশ্যটা। হঠাৎ করেই কিছু ডেলিভারিতে লেগ ব্রেক করাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেটা একজন অফ স্পিনারের আচমকা করা কোনো ‘রং ওয়ান’ ছিল না, পুরোদস্তুর লেগ স্পিনারের গ্রিপে করা বল। ব্যাপারটাকে তখন মনে হয়েছিল দলের ভালো অবস্থায় বোলারের হালকা মজা করার প্রয়াস। কিন্তু বছরের শেষভাগে এসে জানা যাচ্ছে, ওটা ছিল জলোচ্ছ্বাসের আগের দূরবর্তী সতর্কসংকেত—মানে, অশ্বিন যে এরই মাঝে হয়ে উঠেছেন সত্যিকারের লেগ স্পিনার!

অশ্বিনের এমন রূপ বদলে ফেলার বিষয়টি জানাচ্ছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ২১ ডিসেম্বর চেন্নাইয়ে ক্লাব ক্রিকেটের এক ম্যাচে তাঁর এক স্পেলের পরই প্রতিবেদন ছাপায় ওয়েবসাইটটি। ভারতীয় এ স্পিনার সেদিন এমন কিছু আহামরি বোলিং করেননি। ৯ ওভার বল করে পেয়েছিলেন ২ উইকেট। টেস্ট ক্রিকেটের দ্রুততম উইকেটের মাইলফলকে যে বোলার একের পর এক বগলদাবা করছেন, তাঁর জন্য এটা তেমন কিছুই না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো, সেদিন প্রথম তিন ওভার নিজের চিরাচরিত অফ স্পিন করলেও পরের ৬ ওভার পুরোদস্তুর লেগ স্পিনার হিসেবেই বল করেছেন অশ্বিন। উইকেট দুটোই ছিল লেগ স্পিনে। এমন পারফরম্যান্সের পর তাঁর গুরু কেদারনাথ লেগ স্পিনার হিসেবে অশ্বিনকে ১০-এ ৮ দিচ্ছেন।
গুরু কেদারনাথের পরিচয়টা এখানেই দিয়ে ফেলা ভালো। অশ্বিনের সমবয়সী এই সাবেক অফ স্পিনার এখন কোচ হিসেবে কাজ করছেন। তাঁর তত্ত্বাবধানেই অশ্বিন লেগ স্পিন-শিল্পে হাত পাকাচ্ছেন। হ্যাঁ, লেগ স্পিন-শিল্প। শুধু লেগ ব্রেক নয়, যেটা ডানহাতি ব্যাটসম্যানের কাছ থেকে অফস্টাম্প দিয়ে বেরিয়ে যাবে। আসলে নিজেকে পরিপূর্ণ একজন লেগ স্পিনার বানানোর নেশা পেয়ে বসেছে অশ্বিনকে। অর্থাৎ তৃণে লেগ ব্রেকের সঙ্গে গুগলি, ফ্লিপার, স্লাইডার, টপ স্পিনও আয়ত্ত করতে বসেছেন এই অফ স্পিনার!
লেগি হতে গিয়ে অশ্বিন যে অফ স্পিন ভুলে যাচ্ছেন, তাও নয়। কেদারনাথের দাবি, অশ্বিন নাকি দুই বছর ধরেই লেগ স্পিন শিখছেন। অর্থাৎ ভারতের হয়ে একদিনে টেস্টে অফ স্পিন করছেন, করছেন দুসরা; আবার নেটে ঠিকই শিখছেন, গুগলি, স্লাইডার, লেগ ব্রেক! এমনটা করতে গেলে সাধারণত প্রথম যে ঝুঁকিটা থাকে সেটা হলো, তাতে নিজের স্বাভাবিক বোলিং বা স্কিলে ক্ষতি হয়। কিন্তু অশ্বিনের ক্ষেত্রে এমন কিছুই হয়নি। কারণটা ব্যাখ্যা করেছেন কেদারনাথ, ‘সে নিজের খেলা এত ভালো জানে যে তাকে ঘুমের মাঝে ডেকে তুলে বল করতেও বললেও অফ স্পিন করতে পারবে। তার দক্ষতা ও স্পিনের ওপর এতটাই নিয়ন্ত্রণ আছে যে ঝামেলায় পড়ে না। সে যদি এ নিয়ে বিভ্রান্ত হতো, তাহলে পারত না। সে আমাকে তা করে দেখিয়েছে।’
তো, এত কষ্ট কেন করছেন অশ্বিন? একই সঙ্গে লেগ স্পিন ও অফ স্পিনের দক্ষতা কেন শিখতে হচ্ছে তাঁকে? কারণ, ক্রিকেটের ময়দান যেভাবে ব্যাটসম্যান-বান্ধব হয়ে উঠছে, সেখান অশ্বিন নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান। একই বোলিং অ্যাকশন, একই উচ্চতা থেকে একজন বোলার যদি দুই ধরনের স্পিনই করতে পারেন, তাহলে তো অশ্বিন এক ধাপ না এগিয়ে যাবেন বেশ কয়েক ধাপ।
এখন আন্তর্জাতিক ক্রিকেটেও লেগ স্পিনার অশ্বিনের দেখা মিলে কবে, সেটাই দেখার বিষয়।