অবরোধ-হরতালের মধ্যেই জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে আজ থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগ সীমিত হয়ে পড়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা ও বিকেএসপিতে। তার পরও লিগটা আজ থেকেই শুরু করা যাবে কি না, ৩৬ ঘণ্টার হরতালের কারণে তা নিয়ে কাল নতুন করে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটি কেটে গেছে। পুলিশ পাহারায় ক্রিকেটারদের মাঠে পাঠানোর ব্যবস্থা করে বিসিবির টুর্নামেন্ট কমিটি দেশের প্রধানতম প্রথম শ্রেণির ক্রিকেটে এই আসরটি শুরু করে দিচ্ছে আজই।
কাল রাতে টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান মুঠোফোনে জানিয়েছেন, ‘বিকেএসপির দুই ম্যাচের খেলোয়াড়েরা বিকেএসপির ডরমিটরিতে থাকছে। মিরপুরে যারা খেলবে তারা আছে একাডেমি ভবনে। শুধু ফতুল্লার ম্যাচের খেলোয়াড়দের যাতায়াতই একটু সমস্যা। তারা আছে পূর্বাণী হোটেলে। এই খেলোয়াড়দের আমরা পুলিশ প্রহরায় মাঠে আনা-নেওয়ার ব্যবস্থা করেছি।’ প্রথম রাউন্ডের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা ও বরিশাল বিভাগ। বিকেএসপি ২ নম্বর মাঠে খেলবে খুলনা ও সিলেট এবং বিকেএসপি ৩ নম্বর মাঠে রাজশাহী ও ঢাকা মহানগর। এ ছাড়া ফতুল্লা স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রংপুর বিভাগীয় দল।
টানা তৃতীয়বারের মতো ১৬তম জাতীয় লিগেরও স্পনসর ওয়ালটন। কাল মিরপুরে এ-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আকরাম খান জানালেন লিগের পুরস্কার-বৃত্তান্ত, ‘চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা ও রানার্সআপ ১০ লাখ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ১ লাখ, সর্বোচ্চ রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি ৭৫ হাজার এবং প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাবে ১৫ হাজার টাকা করে।’ এ ছাড়া ‘উইনিং মানি’ হিসেবে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৭৫ হাজার টাকা। খেলোয়াড়দের ম্যাচ ফি ২০ হাজার টাকা, দৈনন্দিন ও যাতায়াত ভাতা ১ হাজার টাকা করে।
লিগের প্রস্তুতির জন্য প্রতিটি বিভাগীয় দলের জন্য বরাদ্দ ৫ লাখ টাকা করে, যার অর্ধেক এর মধ্যেই দলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান। এবারের লিগের বাজেট প্রায় ৩ কোটি ৯৮ লাখ টাকা। সিঙ্গেল লিগ পদ্ধতির এবারের আসরে ৭ রাউন্ডে মোট ২৮টি ম্যাচ হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন কর্মকর্তা এস এম জামিল হাসান ও উদয় হাকিম।