অবশেষে অস্ট্রেলিয়ার দিন

প্রথম বলেই জিবে জল এনে দেওয়া এক ফুলটস, সে বল কি আর হাতছাড়া করেন ডেভিড ওয়ার্নার। প্রথম বলেই ছক্কা! কিন্তু ঝড়টি স্থায়ী হয়নি বেশি। মাত্র ১১ রান করেই আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার। সে ধাক্কা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে অস্ট্রেলিয়া। শন মার্শ ও স্টিভ স্মিথের অপরাজিত দুই ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৪১ রান সফরকারীদের। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ২১৪ রানে পিছিয়ে আছে তারা।
প্রথম দিনে ২৬ রানেই পাঁচ উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে পথ দেখিয়েছেন দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয় ডি সিলভা। আজ অবশ্য খুব বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেননি ধনঞ্জয়। দিনের ১৪তম ওভারে ফিরে গেলেন তিনি (১২৯)। ২১১ রানেই থামল ষষ্ঠ উইকেট জুটি। চান্ডিমাল অবশ্য এক প্রান্ত ধরে রেখেছেন। রঙ্গনা হেরাথের সঙ্গে ৭৩ রানের আরেকটি জুটিও গড়েছিলেন। কিন্তু হেরাথ আহত হয়ে ফেরার পর চান্ডিমালকে (১৩২) ভালো সঙ্গ দিতে পারেননি অন্য কেউ। ৩৫৫ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
জবাবে বেশ আগ্রাসী ভঙ্গিতে শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু শুরুর ওই ছক্কার পর আরেকটি চার মেরেই থেমে যায় ওয়ার্নারের ইনিংস। ধনঞ্জয়ের বলে ওয়ার্নার ফিরতেই আবারও শঙ্কা ঘিরে ধরে অস্ট্রেলিয়াকে। কিন্তু মার্শ ও স্মিথের ইতিবাচক ব্যাটিংয়ে সে শঙ্কা দূর হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ ওভারে ১২০ রান যোগ করেছেন এই দুজন। মার্শ অপরাজিত আছেন ৬৪ রানে। অধিনায়ক স্মিথ করেছেন ৬১ রান।