
৫৮তম ওভারের প্রথম বলেই আউট ফাফ ডু প্লেসি। মিচেল স্টার্কের বলটি আহামরি কিছু ছিল না। কিন্তু পরের ৫টি বলেই নিজের সর্বস্ব যেন দিয়ে দিতে চাইলেন এই ফাস্ট বোলার। পেস ও বাউন্সে কাঁপিয়ে দিলেন টেম্বা বাভুমাকে। তবে ‘আহা-উহু’র জন্ম দিয়েও টিকে রইলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। এ ওভারটিকে চাইলেই অ্যাডিলেড টেস্টের প্রতীক ভেবে নিতে পারেন। ম্যাচে এখন চালকের ভূমিকায় অস্ট্রেলিয়া, তবে ৬ উইকেটে ১৯৪ রান করে টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
নিজের সেরা ৪টি বল দিনের শেষ ওভারেই করলেন নাথান লায়ন। কিন্তু দুর্ভাগ্য তাঁর, ওই ৪ বলে ১টি উইকেটই পেলেন অস্ট্রেলীয় অফ স্পিনার। নাইটওয়াচম্যান হিসেবে নামা কাইল অ্যাবট আউট হয়েছেন তৃতীয় বলে। শেষ তিনটি বলে কোনোমতে টিকে রইলেন কুইন্টন ডি কক। ফর্মে থাকা ডি কক আছেন বলেই আশা ছাড়ছে না প্রোটিয়ারা।
মাত্র ৭০ রানে এগিয়ে থেকে আজ দিন শুরু করবে সফরকারীরা। সেটাও ওপেনার স্টিভেন কুকের সৌজন্যে। ১২৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা ধাক্কা খায় শুরুতেই। প্রথম ওভারেই মিচেল স্টার্কের ফুল লেংথ বলে স্টিভ স্মিথের দুর্দান্ত এক ক্যাচে আউট ডিন এলগার। তিনে নামা হাশিম আমলাকেও প্রায় ফিরিয়ে দিয়েছিলেন স্টার্ক। কিন্তু উইকেটকিপার ম্যাথু ওয়েড ও প্রথম স্লিপে থাকা ম্যাথু রেনশ সিদ্ধান্তহীনতায় ভোগায় ১৩ রানে বেঁচে যান আমলা। তাতে অবশ্য জশ হ্যাজলউডের লাভ হয়েছে। সিরিজে পাঁচবার ব্যাটিংয়ে নেমে পঞ্চমবারের হ্যাজলউডের শিকার হলেন আমলা। এরপর আর কেউই কুককে সঙ্গ দিতে পারেননি।
এর আগে ৩০৭ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৩৮৩ রান করতে পেরেছে স্টার্কের ৭ম ফিফটির সুবাদে। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।