
‘আমি তো এরই মধ্যে তার একটা নাম দিয়েছি। এ মুহূর্তে তার গড় স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও বেশি। আমার মনে হয় ওকে “স্যার ভোজেস” বলে ডাকা উচিত।’
কথাটা আগের দিন মজা করেই বলেছিলেন উসমান খাজা। ওয়েলিংটনে দ্বিতীয় দিন শেষে অ্যাডাম ভোজেস তখন অপরাজিত ১৭৬ রানে, গড় ছিল ১০০.৩৩! ওই মুহূর্তে যেটি স্যার ডনের ৯৯.৯৪ গড়ের চেয়েও বেশি! মজা করে ভোজেসকে তাই ‘নাইটহুড’ উপাধি দিয়ে সঙ্গে যোগ করেছিলেন, ‘যেভাবে সে ব্যাট করছে, সত্যি আমার মনে হয় না সে কখনো আউট হবে!’
শেষ পর্যন্ত ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অবশ্য আউট হয়েছেন। কাল বেসিন রিজার্ভে লাঞ্চের মিনিট দশেক আগে যখন নিউজিল্যান্ড অফ স্পিনার মার্ক ক্রেগকে ফিরতি ক্যাচ দিলেন, ভোজেসের নামের পাশে ২৩৯ আর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ৫৬২। কালকের আউটের আগে ক্রিজে তাঁর কেটেছে ১১১৫ মিনিট, রান করে ফেলেছেন ৬১৪!
টেস্টে দুবার আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রানের কীর্তিটা গড়েছিলেন আগের দিনই। পেছনে ফেলেছিলেন ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুবার আউটের মাঝে ৪৯৭ রান করা আগের রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকারকে। কাল নিজের রেকর্ডটাকে শুধু আরও উঁচুতেই নিয়ে গেলেন না ভোজেস, প্রাপ্তির মুকুটে যোগ হলো আরও কিছু পালক।
গতকাল আউট হওয়ার পর ১৪ টেস্টের ১৯ ইনিংস শেষে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৯৭.৪৬! ক্যারিয়ারের প্রথম ১৯ ইনিংসের পর শুধু স্যার ডন ব্র্যাডম্যানের গড়ই এর চেয়ে বেশি ছিল—১০২. ৫৬। এখানেই শেষ নয়, ৩৫ বছর ২৪২ দিন বয়সে টেস্ট অভিষেক হওয়া ভোজেসের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বয়স ৩৫ পেরিয়ে যাওয়ার পর তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে শুধু কুমার সাঙ্গাকারার (৩টি)। তবে দুটি করে ডাবল সেঞ্চুরি নিয়ে এ তালিকায় ভোজেসের সঙ্গী আছেন আরও ১০ জন। এত প্রাপ্তি নিয়ে আউট হয়ে মাঠ ছাড়ার সময় ভোজেসের মুখে ছিল ঝলমলে হাসি।
অথচ এই হাসিটা যাঁর মুখে থাকার কথা ছিল, দিন শেষে সেই ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গী একরাশ আক্ষেপ। এটি তাঁর বিদায়ী সিরিজ, খেলছেন ক্যারিয়ারের শততম টেস্ট। প্রথম ইনিংসে শূন্য রানেই আউট হয়েছেন, দ্বিতীয় ইনিংসেও করলেন মাত্র ১০ রান।
ক্রিজ থেকে যখন ড্রেসিংরুমে ফিরছেন, যেন পুরো বেসিন রিজার্ভই উঠে দাঁড়াল তাঁর সম্মানে, ব্যাট উঁচিয়ে সেই ভালোবাসার জবাব দিলেন ম্যাককালামও। কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছিল, নিজের ও দলের পারফরম্যান্সে মোটেই খুশি নন কিউই অধিনায়ক। হওয়ার কথাও নয়। রানের বিশাল বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা ১৭৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতেই দরকার আরও ২০১ রান।
বিদায়টাকে রাঙিয়ে রাখতে চাইলে এখন ক্রাইস্টচার্চে শেষ টেস্টের দিকেই তাকিয়ে থাকতে হবে ম্যাককালামকে। ক্রিকইনফো।