বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের দুরাবস্থার প্রতীক হয়ে আছে আ জ ম নাছিরের সেই কথাটি। ২০১৩-১৪ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ হারিয়ে যাওয়া প্রসঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান গত এপ্রিলে বলেছিলেন, ‘মৌসুম বুঝি না, মৌসুম বলতে কোনো শব্দ নেই।’ একটি মৌসুমই যেখানে এভাবে হারিয়ে যায়, দেড়-দু মাস তো সেই তুলনায় কিছুই না! দফায় দফায় পেছানোয় লিগ শুরু নিয়ে রোমাঞ্চ-উত্তেজনা অনেকটই মিইয়ে যাওয়ার পরও তাই আজ স্বস্তির নিশ্বাস ফেলবেন জাতীয় দলের বাইরে
থাকা ক্রিকেটাররা। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ তো শুরু হচ্ছে আজ!
গত বছরের সেপ্টেম্বরে হয়েছিল ২০১২-১৩ মৌসুমের লিগ। ২০১৩-১৪ মৌসুম তো হারিয়েই গেছে। এবারের লিগও শুরু হওয়ার প্রাথমিক তারিখ ছিল ১৭ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে নির্ধারিত তারিখে লিগ শুরু হবে না, এটা একরকম নিশ্চিত ধরে নেয় সবাই। সেটা পিছিয়ে যখন ১০ অক্টোবর ঠিক হলো নতুন তারিখ, তখনো সেটা ছিল তাই ‘স্বাভাবিক’। ওই তারিখে শুরু হলে লিগে আজ থাকার কথা শেষের উত্তেজনা, শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর। অথচ শুরুই হচ্ছে কিনা আজ!
ঈদুল আজহার পর পর বলে ১০ অক্টোবর থেকে পিছিয়ে ১৪ অক্টোবর প্রস্তাব করা হলো শুরুর নতুন তারিখ। এবার বাদ সাধল চন্ডিকা হাথুরুসিংহের প্রস্তাব। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতির জন্য একটি তিন দিনের ম্যাচ খেলতে চাইলেন জাতীয় দলের কোচ। দুদলে ভাগ করে খেলা সেই ম্যাচে ব্যস্ত শীর্ষ ২৬-২৮ জন ক্রিকেটার। তাঁদের ছাড়া লিগ শুরু করার কথা ভাবতেই পারেনি ক্লাবগুলো। তখন ভাবা হচ্ছিল, ২৫ অক্টোবর থেকে শুরু করা হবে লিগ। নতুন বাধা হয়ে এল সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ। ইডেন গার্ডেনসের সার্ধশত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশের একটি দল পাঠানোর আমন্ত্রণ জানালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যুগ্ম সচিব সাবেক ভারতীয় অধিনায়ক। সৌরভের আমন্ত্রণের কোপ পড়ল ঢাকা লিগে, বিগলিত বিসিবি আবার পিছিয়ে দিল লিগ!
গত ৩০ সেপ্টেম্বর বিসিবি সভা শেষে জানানো হলো, জাতীয় স্বার্থ বিবেচনা ও সৌরভের আমন্ত্রণ রক্ষা করার জন্য আবার পিছিয়ে লিগ শুরু হবে ২ নভেম্বর। ‘জাতীয় স্বার্থ’ হলো হাথুরুসিংহের অনুরোধে ওই তিন দিনের ম্যাচ। কিন্তু সৌরভের আমন্ত্রণ? বোর্ড সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন, ‘সৌরভের আমন্ত্রণ রক্ষা করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ কিন্তু কেন খুব গুরুত্বপূর্ণ, কলকাতাতেই গুরুত্ব পায়নি এমন টুর্নামেন্টে বিসিবি একাদশের মোড়কে কেন পাঠানো হলো ‘এ’ দল, সেটার ব্যাখ্যা মেলা ভার।
যথারীতি ২ নভেম্বরও লিগ শুরু হয়নি। নতুন তারিখ ঠিক হলো ৬ নভেম্বর। সেই তারিখেও কেন লিগ শুরু হলো না, সেটা বড় এক রহস্য। ‘হরতাল’, ‘একটি বিশেষ ক্লাবের অনুরোধ’—এমন কয়েকটি কারণ ভাসছে বাতাসে। সিসিডিএমের চেয়ারম্যান বা সদস্যসচিব, কাউকেই পাওয়া যায়নি ফোনে।
এই মুহূর্তে দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট এটি। বিশ্বকাপের আগে আগে বলে গুরুত্ব এবার আরও বেশি। অন্তত শুরু হচ্ছে লিগ, এটা অনেকের জন্যই স্বস্তি। তবে অতীতের অনেক অভিজ্ঞতা বলে, স্বস্তির পাশপাশি শঙ্কাটাও থাকবে। শুরু তো হলো, শেষ হবে সময়মতো!
প্রথম তিন রাউন্ডের সূচি
১১ নভেম্বর গাজী ট্যাংক-ওল্ড ডিওএইচএস মিরপুর
শেখ জামাল-পারটেক্স ফতুল্লা
দোলেশ্বর-কলাবাগান কেসি বিকেএসপি
১২ নভেম্বর মোহামেডান-আবাহনী মিরপুর
প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া ফতুল্লা
কলাবাগান একাডেমি-ব্রাদার্স বিকেএসপি
১৪ নভেম্বর গাজী ট্যাংক-পারটেক্স ফতুল্লা
শেখ জামাল-কলাবাগান কেসি বিকেএসপি
দোলেশ্বর-আবাহনী মিরপুর
১৫ নভেম্বর মোহামেডান-ভিক্টোরিয়া মিরপুর
প্রাইম ব্যাংক-ব্রাদার্স বিকেএসপি
কলাবাগান একাডেমি-ওল্ড ডিওএইচএস ফতুল্লা
১৭ নভেম্বর গাজী ট্যাংক-কলাবাগান কেসি মিরপুর
শেখ জামাল-আবাহনী ফতুল্লা
দোলেশ্বর-ভিক্টোরিয়া বিকেএসপি
১৮ নভেম্বর মোহামেডান-ব্রাদার্স বিকেএসপি
প্রাইম ব্যাংক-কলাবাগান একাডেমি মিরপুর
পারটেক্স-ওল্ড ডিওএইচএস ফতুল্লা
* ম্যাচ শুরু সকাল ৯টায়