অবশেষে আনুষ্ঠানিক বিদায় পাচ্ছেন চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চন্দরপল পাচ্ছেন আনুষ্ঠানিক বিদায়। ছবি: এএফপি।
অবশেষে চন্দরপল পাচ্ছেন আনুষ্ঠানিক বিদায়। ছবি: এএফপি।

ব্রায়ান লারার কথাগুলো এত দিন পরে বুঝি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কানে পৌঁছাল! অবশেষে শিবনারায়ণ চন্দরপলকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডব্লুআইসিবি।

দীর্ঘ ২২ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ১৬৪টি টেস্ট খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৩০টি সেঞ্চুরি, সর্বোচ্চ ২০৩। ৫১.৩৭ গড়ে রান করেছেন ১১ হাজার ৮শ ৬৭। টেস্ট ইতিহাসেই ১১ হাজার রান আর আছে মাত্র পাঁচজনের। ২৬৮ ওয়ানডেতে ৪১.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৭শ ৭৮ রান, আছে ১১টি সেঞ্চুরি। টি-টোয়েন্টি খেলেছেন ২২ টি। এত এত অর্জন যার, সেই চন্দরপলের অবসর ঘোষণাটা এসেছিল তিক্ততার মধ্যে। ২০১৫ সালের মার্চের পর আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ মেলেনি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিজের সর্বশেষ সিরিজে তিন টেস্টের ৬ ইনিংসে করেছিলেন মাত্র ৯২ রান! ওই ফর্মের পর যে বাদ পড়েন, পরে আর তাঁকে বিবেচনায় নেননি নির্বাচকেরা। নির্বাচক কমিটির প্রধান ক্লাইভ লয়েড তো সরাসরিই বলে দিয়েছিলেন, চন্দরপলকে নিয়ে আর ভাবছেন না তারা। নতুনদের নিয়েই ভবিষ্যতের দল গড়তে চান। চন্দরপল অবশ্য তারপরেও বলেছিলেন, দলে ফেরার সব চেষ্টাই করে যাবেন তিনি। পরে হয়তো বুঝতে পেরেছেন, ফেরার সেই পথ বন্ধ হয়ে গেছে একেবারেই। মাঠে থেকে বিদায় নিতে চেয়েছিলেন। সেটি হলো না। গত সপ্তাহে তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি নিজের অবসরের কথাটি জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে।

কিন্তু চন্দরপলকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার দাবিতে অনেক আগে থেকেই সোচ্চার কিংবদন্তি ব্রায়ান লারা। বিদায় বেলাতে চন্দরপল প্রাপ্য সম্মানটুকু পাননি দাবি করে লারা বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা অন্যতম সেরা এক ক্রিকেটার বিদায় নিল, অথচ এই সংবাদ কজন জানে—সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’ বিদায়ী টেস্ট খেলিয়ে না হোক, অন্তত একটি সংবর্ধনার মাধ্যমে যেন চন্দরপলকে বিদায় দেওয়া হয়, সেই দাবিও তুলেছিলেন লারা। অবশেষে সেটা করতে রাজি হলো ডব্লুআইসিবি।

ডব্লুআইসিবি প্রধান ডেভ ক্যামেরন সম্প্রতি বলেছেন, ‘সবচেয়ে ভালোভাবে চন্দরপলকে বিদায় দেওয়ার একটা পরিকল্পনা করেছি আমরা। আগেই করতে পারিনি, কারণ চন্দরপল আমাদের বলেছিল সে অবসর নিচ্ছে না। এখন আমরা চন্দরপলের সঙ্গে পরামর্শ করে একটা দিন-তারিখ ঠিক করব।’

সেই দিনটা খুব বেশি দূরে নয় বলেও জানিয়েছেন ক্যামেরন। সূত্র: ইন্ডিয়া টুডে।