অবশেষে এইচপিতে মনোযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট বাংলাদেশের ক্রিকেটে আগেও ছিল। তবে ছিল আসলে শুধু খোলসটাই। সেই খোলসের ভেতরে কখনো ছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কখনো বা একাডেমির কার্যক্রম। এবারই প্রথম বিসিবি উদ্যোগ নিয়েছে পূর্ণাঙ্গভাবে হাইপারফরম্যান্স ইউনিট চালুর। তিনটি ভাগে ভাগ হয়ে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা এর কার্যক্রম।
এইচপির শুরুটা হয়েছিল ২০০৪ সালে। অস্ট্রেলিয়ান কোচ রিচার্ড ম্যাকিন্সের অধীনে সেটা ছিল মূলত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে। ক্রিকেটার তৈরিতে এই ধারণার কার্যকারিতা প্রমাণিত হয়ে গিয়েছিল ওটুকুতেই। আজকের মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়রসহ অনেক ক্রিকেটারেরই সৃষ্টি ম্যাকিন্সের ক্লাস থেকে।
বিসিবিতে এরপর বদলের হাওয়া বয়ে গেছে অনেক। বোর্ডের দায়িত্বে যাঁরাই এসেছেন, মুখে বলেছেন এইচপি ইউনিট দরকার। কাজে বাস্তবায়ন করেননি কেউ। অবশ্য একাডেমির কার্যক্রম ছিল, যেখানে প্রতিবছর ২০-২২ জন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার নিয়ে একটা দল হতো। মাস চারেকের মতো একসঙ্গে অনুশীলন করে বিদেশি দলের সঙ্গে কিছু ম্যাচ খেলত সেই দল।
নতুন চেহারার এইচপি ইউনিটেও ২২ জনের দলটা থাকবে। তবে থাকবে না বয়সের বিধিনিষেধ। যোগ্যতা অনুযায়ী অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে জাতীয় দলের আশপাশে থাকা কোনো ক্রিকেটারকেও এই দলে রাখতে পারবেন নির্বাচকেরা। মূলত ঘরোয়া ক্রিকেট যখন থাকবে না, তখনই চলবে এই ক্যাম্প। এবার যেমন জুন থেকে শুরু হয়ে এটি চলবে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত।
এইচপি ইউনিটে যোগ হবে পেস বোলারদের মনিটরিং সেলও। ১৬-১৭ জন পেসারকে নিয়ে এই সেল কাজ করবে সারা বছর। বয়সের বিধিনিষেধ থাকবে না এখানেও। পেসারদের নিয়ে এ রকম একটা কিছুর প্রয়োজনীয়তার কথা জানাতে গিয়ে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন বললেন, ‘পেস বোলারদের লম্বা সময় ধরে পরিচর্যা দরকার। ছোটবেলা থেকেই তাদের গঠনটা হতে হবে আলাদা। জাতীয় দলের ব্যাকআপ পেসারদের সঙ্গে তাই এখানে থাকতে পারে প্রতিভাবান কোনো উঠতি পেসারও। পেসারদের নিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করার জন্যই এই সেল।’
এইচপি ইউনিট হলে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প মিরপুরের একাডেমি থেকে পাকাপাকিভাবে চলে যাবে বিকেএসপিতে। এইচপির অন্য অংশটিতে থাকবেন শুধু জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী এইচপির বিশেষজ্ঞ কোচরা কাজ করবেন তাঁদের নিয়ে। কোচদের তালিকাটা মোটামুটি চূড়ান্ত। পেস বোলারদের বিশেষজ্ঞ কোচ হবেন সরওয়ার ইমরান। স্পিনারদের নিয়ে কাজ করবেন ওয়াহিদুল গনি, আর ব্যাটসম্যানদের দায়িত্বে জাফরুল এহসান। তাঁদের সঙ্গে স্থানীয় কোচ থাকবেন আরও কয়েকজন। থাকবেন বিদেশি বিশেষজ্ঞ কোচও। ডিরেক্টর অব কোচিং হিসেবে এরই মধ্যে যোগ দিয়েছেন ব্রিটিশ কোচ পল টেরি। আগামী সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়া হবে হেড কোচও। এই পদে জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট লর নাম শোনা গেলেও পারিবারিক কারণে তিনি আসছেন না। সম্ভাব্য অন্যদের মধ্যে নাম আছে একাডেমির সাবেক হেড কোচ অ্যালিস্টার ডি উইন্টারেরও।
এইচপি ইউনিটের মূল উদ্দেশ্য, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এর পরের পর্যায়ের খেলোয়াড়দের গুণগত মান কমিয়ে আনা। নাজমুল আবেদীনের ভাষায়, ‘৪০-৪৫ জন ক্রিকেটার তখন একই ছাদের নিচে চলে আসবে। বয়সে ছোট-বড় বা অভিজ্ঞতা কমবেশি হতে পারে, কিন্তু সবার খেলার ধরনটাই একই সুতোয় গাঁথা থাকবে।’ আর এসব কিছুরই লক্ষ্য যেহেতু জাতীয় দলে ক্রিকেটার সরবরাহ, একাডেমির সব কার্যক্রম পরিচালনায় জাতীয় দলের চাহিদাটাও মাথায় রাখা হবে।
এইচপি ইউনিট নিয়ে বিসিবির পরিকল্পনা প্রতিবারই হাওয়ায় মিলিয়ে যায়। তবে এবার সে রকম শঙ্কা নেই বলে জানালেন এইচপি ইউনিটের দায়িত্ব পাওয়া বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম, ‘বর্তমান জাতীয় দলের অনেক ক্রিকেটারই একসময়ের হাইপারফরম্যান্স ইউনিট থেকে উঠে আসা। আমরা চাচ্ছি এটা স্থায়ী হোক। এখন থেকে হাইপারফরম্যান্স ইউনিট সব সময়ই চলবে বলে আশা করি।’
আশাটা সত্যি হলেই ভালো।