অবশেষে একটু সুবাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট ভিনসেন্ট টেস্টের চতুর্থ দিন শেষ। কিন্তু আকরাম খানকে ড্রেসিংরুমের সামনে পাওয়া গেল না। দীর্ঘ বিমান ভ্রমণ করে আগের রাতে সেন্ট ভিনসেন্টে পৌঁছেছেন। দিনের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বিশ্রাম নিতেই হোটেলে ফিরে গেছেন। পাওয়া গেল হাবিবুল বাশারকে। কিন্তু এ কোন হাবিবুল!

হাবিবুল বিসিবির নির্বাচক হলেও এই সিরিজে তাঁর বড় পরিচয় টিম ম্যানেজার। প্র্যাকটিসের দিন বা খেলার দিনও দলের জার্সি আর ট্রাউজার পরে থাকেন। শেষ বিকেলে শর্টস পরে ফুটবল নিয়ে নেমে পড়েন মাঝে মাঝে, কখনো বাড়তি মেদ ঝরাতে চক্কর দেন পুরো মাঠ। কিন্তু চতুর্থ দিনের খেলা শেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন কেতাদুরস্ত হাবিবুল। কালো প্যান্টের ওপর হালকা আকাশি রঙের শার্ট, পায়ে শু আর মুখে একটা প্রাণখোলা হাসি। হাসতে হাসতেই বললেন, ‘আমি আজ ম্যানেজার নই, নির্বাচক। দেখেন না কী পোশাক পরে আছি...।’

হাবিবুলের কথার অর্থ বুঝতে অসুবিধা হলো না। খেলোয়াড়েরা যখন খারাপ খেলে, দলের সঙ্গে থাকা ম্যানেজার হাবিবুলের চেয়ে নির্বাচক হাবিবুলই বেশি চাপে থাকেন। আবার খেলোয়াড়দের ভালো খেলা মানে নির্বাচকের চাপমুক্তি। সেন্ট ভিনসেন্ট টেস্টের চতুর্থ দিন ছিল এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে কাটানো বাংলাদেশ দলের সবচেয়ে ভালো দিন। এমন দিনে হাবিবুল নিজের নির্বাচক পরিচয়টাকে বড় করে দেখাতে চাইবেন, তাই তো স্বাভাবিক!

ওয়েস্ট ইন্ডিজে আসার পর থেকেই বাংলাদেশ দলের সময়গুলো দুঃসময়ে মোড়া। গ্রেনাডায় প্রথম দুই ম্যাচেই ওয়ানডে সিরিজে হার নিশ্চিত হয়ে যাওয়া, দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭০ রানে অলআউটের লজ্জা, শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হওয়া—একটার পর একটা ব্যর্থতা পিঠ ঠেকিয়ে দিয়েছিল দেয়ালে। টি-টোয়েন্টি ম্যাচে একটু জ্বলে ওঠা আশার আলো দপ করেই নিভিয়ে দিল সেন্ট কিটসের বৃষ্টি। এরপর সেন্ট ভিনসেন্টে শুরু হলো প্রথম টেস্ট। উইকেটকে ভুল বুঝে টসে জিতে ফিল্ডিং, চাপা পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজের রানপাহাড়ের নিচে। প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হওয়ার পর মনে হচ্ছিল এই টেস্ট বাংলাদেশ হেরে যাবে চতুর্থ দিনের মধ্যেই। শেষ পর্যন্ত পঞ্চম দিন লাঞ্চের আগে ১০ উইকেটে হার মানলেও আগের দিনে সবাই যেভাবে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখাল, তাতে সেন্ট লুসিয়ায় একটু স্বস্তি নিয়ে যেতেই পারে দলটা।

স্বস্তির দেখা মিলল কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যেও। নতুন দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক এখনো ততটা ঘনিষ্ঠ হয়ে ওঠেনি। তার পরও দেখা হলে ‘হাই-হ্যালো’, হাসি বিনিময় হচ্ছে। প্রথম টেস্ট শেষে সেই হাসিতে আরেকটু আন্তরিকতা, আরেকটু কাছে যাওয়ার আহ্বান। সাংবাদিকদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন কোচ। বললেন অনেক কথা। যার সারমর্ম, বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্যের অভাব নেই। তবে বড় কিছু আশা করার আগে নিশ্চিত করতে হবে তারা যেন সেই সামর্থ্য অনুযায়ী অন্তত খেলতে পারে। শূন্যে একটা রেখা টেনে বললেন, ‘আমরা এখন এই জায়গায় আছি। আমি চাই এখান থেকে যেন আর নিচে না নামি। এই সমান্তরালে থাকলে প্রতিপক্ষের খারাপ দিনে কখনো কখনো আমরা ওপরেও উঠে আসতে পারব। কিন্তু নিচে নেমে গেলে হবে না।’

সেন্ট ভিনসেন্ট টেস্ট সবচেয়ে বড় স্বস্তিটা এনেছে খেলোয়াড়দের মধ্যে। টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে যেতে পারা আত্মবিশ্বাসটা একটু বাড়িয়েছে। শুরুতে যে রকম লজ্জাজনক হারের শঙ্কা জেগেছিল, তেমনটা তো হয়নি। তা ছাড়া এই এক ইনিংসে রানের দেখা পেয়েছেন তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক। সঙ্গে নবাগত তাইজুল ইসলামের ৫ উইকেট—সব মিলিয়ে ছোট ছোট প্রাপ্তি এখানে কিছু হলেও আছে। অধিনায়ক মুশফিকুর রহিমেরও প্রত্যাশা এই সম্মিলিত চেষ্টাটাই, ‘আমাদের প্রত্যেকেরই গড় ২০ বা ৩০-এর মাঝামাঝি। প্রত্যেকেরই তাই এমনভাবে ব্যাটিং করা উচিত যেন এটা আমার জীবনের শেষ ইনিংসও হতে পারে। এই মানসিকতা থাকলে ভালো খেলার একটা সুযোগ থাকেই। তামিম, মুমিনুল বা রিয়াদ ভাই বলেন, রান করুক না-করুক, তাদের একটা প্রতিজ্ঞা থাকে। সবার মধ্যেই তা থাকা উচিত।’

প্রথম টেস্টে আট ব্যাটসম্যান নিয়ে খেলেও প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট। ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট থেকে শোনা যাচ্ছে সেন্ট লুসিয়ার উইকেটও নাকি হবে ব্যাটিং সহায়ক। তার পরও সেখানে আটজন ব্যাটসম্যান নিয়ে খেলার সম্ভাবনা কম। বরং একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি বোলার।

দ্বিতীয় টেস্টের দল ঠিক করার আগে আরও কিছু আলোচনা-গবেষণা নিশ্চয়ই হবে। সে আলোচনায় প্রেরণাদায়ী হয়ে আসতে পারে সেন্ট ভিনসেন্ট টেস্টের চতুর্থ দিনের সাফল্য।