অবশেষে কুমিল্লা ভিক্টোরিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গেরো কাটল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা। সোহেল তানভীরের অলরাউন্ড পারফরম্যান্সে রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে ভিক্টোরিয়ানসরা।

আগের দিনই ব্যাটিং নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, কাল এ কারণেই হয়তো দলের ব্যাটিং লাইনআপের খোল-নলচে গেল পাল্টে। নিয়মিত দুই ওপেনারের একজন ইমরুল কায়েস নামলেন চারে। আর লিটন দাশ তো নামারই সুযোগ পেলেন না! পরিবর্তিত ব্যাটিং লাইনআপটা কুমিল্লার খুব একটা কাজে লেগেছে বলা যাচ্ছে না। তবে আগের ম্যাচের হতাশা কাটিয়ে অন্তত ১৫২ করেছে তারা।

ওপেনিংয়ে নেমে ঝড় তুলতে না পারলেও নাজমুল হোসেনের ৪০ বলের ৪১ রানে স্বস্তি পেয়েছে কুমিল্লার ইনিংস। আর চারে নেমে দ্রুত রান তুলেছেন ইমরুল (২৫ বলে ৩৪)। কিন্তু ১৬ বলের মধ্যে দুজনেই ফিরে যাওয়ায় ভালো শুরুটা কাজে লাগানো যায়নি। ৭ উইকেট হাতে রেখেও শেষ ৬ ওভারে মাত্র ৫০ রান করেছে তারা। এই সময়ে মাত্র ৩টি বাউন্ডারি মারতে পেরেছে ভিক্টোরিয়ানসরা।

১৫৩ রানের লক্ষ্যে রাজশাহী ম্যাচে ছিল পঞ্চম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত। সোহেল তানভীরের তৃতীয় বলে বাজে এক শট খেলে বোল্ড হলেন জুনায়েদ সিদ্দিক। পরের বলেই অযথা খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ ফর্মে থাকা সাব্বির রহমান। ম্যাচে সেই যে পিছিয়ে পড়ল রাজশাহী, আর ফিরতে পারল না। দুর্দান্ত ব্যাটিং করা মুমিনুল হকও হারের কারণ বলছেন ওই আউট দুটিকে, ‘ওই সময়ই ম্যাচের মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে।’ তবু চেষ্টা করে গেছেন মুমিনুল। কিন্তু অন্য প্রান্তে কেউই যে তাঁকে সঙ্গ দিতে পারেননি। ১০ ও ১১ নম্বরে নামা দুই ব্যাটসম্যানের আগে মুমিনুল ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেটই ১০০ পেরোয়নি!

১৪তম ওভারে বোলিং করতে এসে ৫ ওয়াইডে ১৯ রান দিয়েছেন রায়ান টেন ডেসকাট। কিন্তু শেষ বলেই রাজশাহীর সর্বনাশ করে দিয়েছেন। তাঁর ফুলটসে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল। পরের বলেই আউট হলেন অধিনায়ক ড্যারেন স্যামি। কুমিল্লার জয় নিশ্চিত হয়ে গেল তখনই।

ব্যাটিংয়ে ১৫ রানের পর বোলিংয়েও ৪ উইকেট, ম্যাচসেরা যে তানভীর হচ্ছেন, এটা জানাই ছিল।