অবশেষে ঘরের বাইরে জয় ইংল্যান্ডের

লক্ষ্যমাত্রাটা খুব বড় ছিল না। মাত্র ১৪৩। আর এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাট করল আত্মবিশ্বাসের সঙ্গেই। অ্যালিস্টার কুক আর গ্যারি ব্যালান্সের দারুণ দুটো ফিফটিতেই গ্রেনাডা টেস্টে জয়ের বন্দরে ইংলিশরা। আড়াই বছর পর, আরও নির্দিষ্ট করে বললে ১০ টেস্ট পর এল বিদেশের মাটিতে ইংল্যান্ডের এই টেস্ট জয়।
গ্রেনাডায় ইংলিশদের ব্যাট যেভাবে কথা বলেছে, একইভাবে ব্যর্থ ছিল ক্যারিবীয় ব্যাটিং। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৯৯ রানের বিপরীতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪৬৪। ১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। ৩০৭ রানে গুটিয়ে গিয়ে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। সহজ লক্ষ্যে কেবল জোনাথন ট্রটের উইকেটটি হারিয়েই জয় নিজেদের করে নেয় ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স অপরাজিত ছিলেন যথাক্রমে ৫৯ ও ৮১ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেন জেমস অ্যান্ডারসন ও মঈন আলী। অ্যান্ডারসন তাঁর পেস বোলিংয়ে ৪৩ রানে তুলে নেন ৪ উইকেট। মঈন আলী ৫১ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট।
ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস আলোকিত করেছিলেন ক্রেইগ ব্রাফেট। তাঁর ব্যাট থেকে আসে ১১৬ রান। ড্যারেন ব্রাভো করেন ৬৯ রান।
এর আগে মারলন স্যামুয়েলসের সেঞ্চুরিতে (১০৩) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তোলে ২৯৯ রান। স্টুয়ার্ট ব্রড ছিলেন ওই ইনিংসের হন্তারক। তিনি ৪ উইকেট নেন ৬১ রানের বিনিময়ে। জবাবে জো রুটের ১৮২, অ্যালিস্টার কুকের ৭৬, জোনাথন ট্রটের ৫৯ আর গ্যারি ব্যালান্সের ৭৭ রানে ইংল্যান্ড ৪৬৪ রান নিয়ে প্রথম ইনিংসে এগিয়ে থাকে ১৬৫ রানে। সূত্র: এএফপি।