অবশেষে চন্দরপলের বিদায় সংবর্ধনা
এত দিন পর ব্রায়ান লারার কথাগুলো বুঝি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কানে গেল! অবশেষে শিবনারায়ণ চন্দরপলকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডব্লুআইসিবি।
মাঠ থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। ২০১৫ সালের মের পর আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে তো সুযোগ পাননি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিজের সর্বশেষ সিরিজে তিন টেস্টের ৬ ইনিংসে করেছিলেন মাত্র ৯২ রান! ওই ফর্মের পর যে চন্দরপল বাদ পড়লেন, পরে আর তাঁকে বিবেচনায় নেননি নির্বাচকেরা। চন্দরপল অবশ্য তারপরও বলেছিলেন, দলে ফেরার সব চেষ্টাই করে যাবেন। পরে বুঝতে পেরেছেন, ফেরার পথটা চিরতরে রুদ্ধ হয়ে গেছে। গত সপ্তাহে তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অবসরের ঘোষণা দিয়ে দেন।
আগে থেকেই ব্রায়ান লারা বলে আসছিলেন চন্দরপলের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রাপ্য। চন্দরপলের অবসর ঘোষণার পর লারা সেদিন সখেদে বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা অন্যতম সেরা এক ক্রিকেটার বিদায় নিল, অথচ এই সংবাদ কজন জানে—সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’ বিদায়ী টেস্ট খেলিয়ে না হোক, অন্তত একটি বিদায়ী সংবর্ধনা যেন চন্দরপলকে দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছিলেন লারা। অবশেষে সেটা করতে রাজি হলো ডব্লুআইসিবি।
ডব্লুআইসিবি প্রধান ডেভ ক্যামেরন সম্প্রতি বলেছেন, ‘সবচেয়ে ভালোভাবে চন্দরপলকে বিদায় দেওয়ার একটা পরিকল্পনা আমরা আগে করতে পারিনি, কারণ চন্দরপল আমাদের বলেছিল সে অবসর নিচ্ছে না। এখন আমরা চন্দরপলের সঙ্গে পরামর্শ করে একটা দিন-তারিখ ঠিক করব।’ ইন্ডিয়া টুডে।