অবশেষে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্ডের প্রথম সেঞ্চুরিতে জয় দেখল ভারত। ছবি: এএফপি।
পান্ডের প্রথম সেঞ্চুরিতে জয় দেখল ভারত। ছবি: এএফপি।

ঠিক এই মুহূর্তে রোহিত শর্মার অনুভূতি কী? এত কাছে গিয়েও নিজের সেঞ্চুরি না পাওয়া নিয়ে কি একটু আক্ষেপ হচ্ছে, নাকি দল জেতায় ওটা একদম ভুলে গেছেন? ভুলে যাওয়ারই কথা। তিনি সেঞ্চুরি না পেলেও দল তো জিতেছে।
মনীশ পান্ডের অবশ্য ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভেসে যাওয়ারই কথা। প্রচন্ড চাপের মুখে ৪ মেরে ক্যারিয়ারে এই প্রথম তিন অঙ্কের রানের দেখা পেলেন, আর ওই চারটাই প্রায় নিশ্চিত করে দেয় ভারতের জয়। সেঞ্চুরি যখন পূর্ণ করেছেন, তখন ভারতের দরকার আর মাত্র ৩ বলে ২ রান। পরের বলেই দুই রান নিয়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে গেছেন পান্ডে, যিনি ভারতের হয়ে খেললেন মাত্র চতুর্থ ওয়ানডে ম্যাচ।
সিরিজের শেষ ওয়ানডেতে এসে অবশেষে অস্ট্রেলিয়া সফরে জয়ের মুখ দেখল ভারত। রোমাঞ্চকর ম্যাচটিতে ২ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোহিতের নিয়ন্ত্রিত ব্যাটিং ও ধাওয়ানের আক্রমণে বেশ ভালোই শুরু করেছিল ভারত। ৫৬ বলে ৭৮ করে ধাওয়ান আউট হয়ে যাওয়ার পর হয়তো ভারতের আশা করছিল গত ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি আজও পথ দেখাবেন। কিন্তু আজ আর পারলেন না কোহলি। মাত্র ৮ রান করেই আউট হয়ে গেলেন।
তবে কোহলির অভাবটা একেবারেই বুঝতে দেননি মনীশ পান্ডে। রোহিতের সঙ্গে মিলে রান প্রতি বলের হিসেবে ৯৭ রানের জুটি গড়ে ফেললেন। কিন্তু জয়টা যখন ঠিক ১০০ রান দূরে, নিজের সেঞ্চুরি থেকে ১ দূরে থাকতে আউট হয়ে গেলেন প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা রোহিত।
চতুর্থ ওয়ানডেতে এমন পরিস্থিতিতেই পথ হারিয়েছিল ভারত। এবং তাতে ধোনির দোষই দেখছিলেন অনেকে। ভারত অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার পরই যে পথ হারায় ভারতের ইনিংস। আজ রান পেলেন ধোনি, কিন্তু শুরুর দিকে ঠিক ধোনিসুলভ ছিল না তাঁর ব্যাটিং। দল রয়েছে দ্রুত রান তোলার চাপে, অথচ ঠিক মতো ব্যাটে-বলেই হচ্ছিল না তাঁর। একটা সময় ৩৩ বলে ১৭ রান ছিল ধোনির। ভারতের ভাগ্য ভালো, শেষ দিকে অল্প কিছু সময়ের জন্য দেখা দিয়েছিল ধোনির বিস্ফোরক ব্যাট। শেষ দিকে তাঁর এক চার ও এক ছক্কাই চাপে থাকা ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। 

জয় থেকে মাত্র ৬ রান দূরে ধোনি আউট হতেই আবার নতুন শঙ্কা, ৯৮ রানে অপরাজিত থাকা পান্ডে ‘ফিনিশার’ হতে পারবেন? শঙ্কাটাকে লেট কাট করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন পান্ডে। নিজে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন, ২৬ বছর বয়সী পরের বলেই জয় নিশ্চিত করলেন ভারতের।
পান্ডের সেঞ্চুরিতে বৃথা গেল মিচেল মার্শের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি। টসে হেরে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও মার্শের সেঞ্চুরিতে ৩৩০ রান করতে পেরেছিল অস্ট্রেলিয়া। এই নিয়ে ৪ বার দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও হারল অস্ট্রেলিয়া, ৩ বারই ভারতের বিপক্ষে।